একই ঘরে কিংবা আড্ডায় অনেকে একসঙ্গে বসে থাকলেও মশা নির্দিষ্ট কিছু মানুষকেই বেশি কামড় দিচ্ছে! আবার পাশের জন হয়ত সুন্দরভাবে শান্তিতে বসে আছেন, তাকে একটি মশাও ছুঁয়ে দেখছে না।
আমরা কৌতুক করে বলি— যার রক্ত মিষ্টি, তাকেই মশা বেশি কামড়ায়। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি বলছে সম্পূর্ণ ভিন্নকথা।
গবেষকরা বলছেন, রক্ত মিষ্টি হওয়ার সঙ্গে মশার কামড়ের কোনো সম্পর্ক নেই। বরং মানুষের ত্বকের গায়ের গন্ধ, নির্গত গ্যাস, রক্তের গ্রুপ এবং শরীরের তাপমাত্রার ওপর নির্ভর করে মশা আপনাকে ‘শিকার’ হিসেবে বেছে নেয়। কিছু মানুষকে কেন মশা বেশি পছন্দ করে, তার পেছনের বৈজ্ঞানিক কারণগুলো চলুন জেনে নেওয়া যাক—
মশার মাথায় থাকা বিশেষ সেন্সর অনেক দূর থেকেই কার্বন ডাই-অক্সাইড গ্যাসের উপস্থিতি টের পায়। যারা নিঃশ্বাসের সঙ্গে বেশি কার্বন ডাই-অক্সাইড ছাড়েন, তাদের প্রতি দ্রুত আকৃষ্ট হয় মশা। সাধারণত যাদের শরীরের গঠন বড়, গর্ভবতী নারী, অতিরিক্ত ওজনের মানুষ এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার পর যারা বেশি শ্বাস-প্রশ্বাস নেন, তাদের শরীর থেকে বেশি CO2 নির্গত হয়। ফলে মশা তাদের সহজেই খুঁজে নেয়।
আমাদের ত্বকে জমে থাকা ঘামের গন্ধ মশাকে তীব্রভাবে আকর্ষণ করে থাকে। কারণ ঘামের সঙ্গে বের হওয়া ‘ল্যাকটিক অ্যাসিড’, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া মশার অত্যন্ত পছন্দের উপাদান। যারা বেশি ঘেমে যান কিংবা যাদের ত্বকে স্বাভাবিকভাবেই ল্যাকটিক অ্যাসিডের প্রভাব বেশি থাকে, মশা তাদের বেশি কামড় দেয়।
গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপের সঙ্গে মশার কামড় খাওয়ার বেশ বড় সংযোগ রয়েছে। বিজ্ঞানীদের মতে, 'ও' পজিটিভ কিংবা নেগেটিভ রক্তের গ্রুপের মানুষের প্রতি মশার আকর্ষণ অন্যান্য গ্রুপের তুলনায় প্রায় দ্বিগুণ! রক্ত চুষতে আসা স্ত্রী মশা মানুষের ত্বকের বিশেষ কেমিক্যাল সিক্রেশন থেকে রক্তের গ্রুপ অনায়াসে বুঝতে পারে।
মশা তাপ কিংবা হিট সেন্সরের সাহায্যে গরম শরীর সহজে শনাক্ত করতে পারে। আপনার শারীরিক পরিশ্রম, ব্যায়াম করা কিংবা মদপানের পর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। রক্ত সঞ্চালন বাড়ার কারণে ত্বকের উপরিভাগ গরম হয়ে উঠলে মশা তড়িঘড়ি সেখানে গিয়ে কামড় বসায়।
মশা কেবল গন্ধ কিংবা গ্যাস নয়, দৃষ্টিশক্তির সাহায্যেও শিকার খোঁজে। গবেষণায় দেখা গেছে, কালো, গাঢ় নীল, লাল কিংবা গাঢ় রঙের পোশাক মশা সহজে দেখতে পায়। হালকা রঙের জামাকাপড় পরলে মশার নজর এড়ানো অনেক সহজ হয়।
মশার কামড় কেবল চুলকানি কিংবা বিরক্তির কারণ নয়; বরং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগের উৎস। মশা আপনাকে কেন বেশি আকর্ষণ করছে তা বুঝে সতর্কতা অবলম্বন করলে সহজেই মশার কামড় ও রোগব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব।
হালকা রঙের সুতি পোশাক পরা। আপনার শরীর ঢাকা ও হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরা উচিত। ত্বক শুকনো রাখা উচিত। কারণ ঘাম জমে থাকতে দেবেন না, নিয়মিত স্নান করুন এবং গা মুছে শুকনো রাখুন। নিম তেল, ইউক্যালিপটাস বা লেমনগ্রাস যুক্ত প্রাকৃতিক মশা তাড়ানোর তেল কিংবা ক্রিম ত্বকে ব্যবহার করুন। পর্যাপ্ত বাতাস রাখা উচিত। ফ্যানের হাওয়ায় মশা সহজে উড়তে পারে না, তাই ঘরে ফ্যান চালিয়ে রাখুন।


মতামত