শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনেই ঢাকায় ভর্তি ৭২১

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনেই ঢাকায় ভর্তি ৭২১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫-এ। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২১ জন, চট্টগ্রামে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ৪৩ জন রয়েছে। এ সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে ডেঙ্গুতে মারা যায় ১৭৪ জন, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।

কিছু মানুষকে মশা বেশি কামড় দেয়, কিন্তু কেন?

একই ঘরে কিংবা আড্ডায় অনেকে একসঙ্গে বসে থাকলেও মশা নির্দিষ্ট কিছু মানুষকেই বেশি কামড় দিচ্ছে! আবার পাশের জন হয়ত সুন্দরভাবে শান্তিতে বসে আছেন, তাকে একটি মশাও ছুঁয়ে দেখছে না। আমরা কৌতুক করে বলি— যার রক্ত মিষ্টি, তাকেই মশা বেশি কামড়ায়। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি বলছে সম্পূর্ণ ভিন্নকথা। গবেষকরা বলছেন, রক্ত মিষ্টি হওয়ার সঙ্গে মশার কামড়ের কোনো সম্পর্ক নেই। বরং মানুষের ত্বকের গায়ের গন্ধ, নির্গত গ্যাস, রক্তের গ্রুপ এবং শরীরের তাপমাত্রার ওপর নির্ভর করে মশা আপনাকে ‘শিকার’ হিসেবে বেছে নেয়। কিছু মানুষকে কেন মশা বেশি পছন্দ করে, তার পেছনের বৈজ্ঞানিক কারণগুলো চলুন জেনে নেওয়া যাক—  মশার মাথায় থাকা বিশেষ সেন্সর অনেক দূর থেকেই কার্বন ডাই-অক্সাইড গ্যাসের উপস্থিতি টের পায়। যারা নিঃশ্বাসের সঙ্গে বেশি কার্বন ডাই-অক্সাইড ছাড়েন, তাদের প্রতি দ্রুত আকৃষ্ট হয় মশা। সাধারণত যাদের শরীরের গঠন বড়, গর্ভবতী নারী, অতিরিক্ত ওজনের মানুষ এবং শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার পর যারা বেশি শ্বাস-প্রশ্বাস নেন, তাদের শরীর থেকে বেশি CO2 নির্গত হয়। ফলে মশা তাদের সহজেই খুঁজে নেয়। আমাদের ত্বকে জমে থাকা ঘামের গন্ধ মশাকে তীব্রভাবে আকর্ষণ করে থাকে। কারণ ঘামের সঙ্গে বের হওয়া ‘ল্যাকটিক অ্যাসিড’, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া মশার অত্যন্ত পছন্দের উপাদান। যারা বেশি ঘেমে যান কিংবা যাদের ত্বকে স্বাভাবিকভাবেই ল্যাকটিক অ্যাসিডের প্রভাব বেশি থাকে, মশা তাদের বেশি কামড় দেয়। গবেষণায় দেখা গেছে, রক্তের গ্রুপের সঙ্গে মশার কামড় খাওয়ার বেশ বড় সংযোগ রয়েছে। বিজ্ঞানীদের মতে, 'ও' পজিটিভ কিংবা নেগেটিভ রক্তের গ্রুপের মানুষের প্রতি মশার আকর্ষণ অন্যান্য গ্রুপের তুলনায় প্রায় দ্বিগুণ! রক্ত চুষতে আসা স্ত্রী মশা মানুষের ত্বকের বিশেষ কেমিক্যাল সিক্রেশন থেকে রক্তের গ্রুপ অনায়াসে বুঝতে পারে। মশা তাপ কিংবা হিট সেন্সরের সাহায্যে গরম শরীর সহজে শনাক্ত করতে পারে। আপনার শারীরিক পরিশ্রম, ব্যায়াম করা কিংবা মদপানের পর শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। রক্ত সঞ্চালন বাড়ার কারণে ত্বকের উপরিভাগ গরম হয়ে উঠলে মশা তড়িঘড়ি সেখানে গিয়ে কামড় বসায়। মশা কেবল গন্ধ কিংবা গ্যাস নয়, দৃষ্টিশক্তির সাহায্যেও শিকার খোঁজে। গবেষণায় দেখা গেছে, কালো, গাঢ় নীল, লাল কিংবা গাঢ় রঙের পোশাক মশা সহজে দেখতে পায়। হালকা রঙের জামাকাপড় পরলে মশার নজর এড়ানো অনেক সহজ হয়। মশার কামড় কেবল চুলকানি কিংবা বিরক্তির কারণ নয়; বরং ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগের উৎস। মশা আপনাকে কেন বেশি আকর্ষণ করছে তা বুঝে সতর্কতা অবলম্বন করলে সহজেই মশার কামড় ও রোগব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব। হালকা রঙের সুতি পোশাক পরা। আপনার শরীর ঢাকা ও হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরা উচিত। ত্বক শুকনো রাখা উচিত। কারণ ঘাম জমে থাকতে দেবেন না, নিয়মিত স্নান করুন এবং গা মুছে শুকনো রাখুন। নিম তেল, ইউক্যালিপটাস বা লেমনগ্রাস যুক্ত প্রাকৃতিক মশা তাড়ানোর তেল কিংবা ক্রিম ত্বকে ব্যবহার করুন।  পর্যাপ্ত বাতাস রাখা উচিত। ফ্যানের হাওয়ায় মশা সহজে উড়তে পারে না, তাই ঘরে ফ্যান চালিয়ে রাখুন।

কিছু মানুষকে মশা বেশি কামড় দেয়, কিন্তু কেন?
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream