মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ ও ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা’র পরিচালনা,পাঠদান কার্যক্রম এবং সরকারি অনুদান গ্রহণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পর তদন্তের নির্দেশ দেওয়া হলেও ছয় মাস পেরিয়ে গেছে। এখনো তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েনি বলে জানা গেছে।
অভিযোগকারী শ্রীমঙ্গলের জিলাদপুর এলাকার হাজী এছাক মিয়া হাজেরা বেগম মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আলতাফুর রহমান নাজমুল হাসান। তাঁর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে গত ১২ মে ২০২৬ তারিখে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়। পরে ইউএনও মো. জিয়াউর রহমান অভিযোগের বিষয়গুলো তদন্ত করে জরুরি ভিত্তিতে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়,শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিঘাট রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় ‘শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’ পরিচালিত হচ্ছে। সেখানে শিশু শ্রেণি থেকে এসএসসি পর্যায় পর্যন্ত মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগসহ মোট ১৩টি শ্রেণিতে পাঠদান করা হয়। একই ভবনের তৃতীয় তলায় ‘দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা,শ্রীমঙ্গল’ নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। দুটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে একই ব্যক্তি রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভবনটিতে চারটি পত্রিকার প্রতিনিধির কার্যালয় থাকার বিষয়টিও অভিযোগে তুলে ধরা হয়েছে।
অভিযোগকারী প্রশ্ন তুলেছেন,সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি নিবন্ধন ও ইএমআইএস কোডের আওতায় কীভাবে এতগুলো শ্রেণিতে পাঠদান পরিচালিত হচ্ছে। অভিযোগে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের নিবন্ধন কোড ৪৬০৯৭২ এবং ইএমআইএস কোড ৬০৪০৬১১১০ উল্লেখ করে প্রতিষ্ঠানটির শ্রেণি পরিচালনা, পাঠদানের অনুমোদন,শিক্ষক নিয়োগ ও সামগ্রিক কার্যক্রমের বৈধতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
অভিযোগে আরও বলা হয়,একই কক্ষে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একাধিক শ্রেণির পাঠদান এবং মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না,শিক্ষার্থীদের সরকারি পাঠ্যবই কীভাবে সরবরাহ করা হচ্ছে এবং প্রতিষ্ঠানটি কোন শিক্ষাক্রম অনুসরণ করছে,তা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন বা অনুমোদনের আওতায় মাধ্যমিক পর্যায়ের পাঠদান কিংবা মাদ্রাসার শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে কি না,তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে,সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও সরকারি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভিন্ন স্তর বা ধারার শিক্ষা কার্যক্রম পরিচালিত হলে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ সনদপ্রাপ্তি ঝুঁকির মুখে পড়তে পারে।
সরকারি অনুদান গ্রহণ নিয়েও অভিযোগ রয়েছে। অভিযোগকারী জানান,২০২৪-২৫ অর্থবছরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ছয় লাখ টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছে। কোন বিধি ও যোগ্যতার ভিত্তিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে এবং বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এ ছাড়া অভিযোগপত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাগত পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার,অনৈতিক সুবিধা গ্রহণ,ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা যায়নি।
জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও অভিযোগ শাখা থেকে গত ১২ মে জারি করা চিঠিতে অভিযোগের অনুলিপি সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়গুলো তদন্ত করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন।
তবে নির্দেশনার প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি কিংবা প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযোগকারী শুধু উল্লিখিত দুটি প্রতিষ্ঠান নয়,শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার সব উপজেলার বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধন, পাঠদানের অনুমোদন,সরকারি বই ও অনুদান বিতরণ এবং আর্থিক কার্যক্রম যথাযথ বিধিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে কি না,তা যাচাইয়ের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,দীর্ঘদিন পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আসন্ন। নির্বাচন সম্পন্ন হলেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
অন্যদিকে,শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ও দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার সংশ্লিষ্ট প্রধানের বক্তব্য এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি জানা সম্ভব হয়নি।
শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন,শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সরকারি অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ এখন এলাকাবাসীর প্রত্যাশা।
মতামত