ফ্যামিলি কার্ড কর্মসূচিতে অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে—এমন অভিযোগ নাকচ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, সরকার এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে গ্যাস ও তেলের দাম নির্ধারণ করা হয়। জনগণের ভোগান্তি কমাতে গত আট মাসে জ্বালানি খাতে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
তিনি আরও বলেন, নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ সহায়তা ও ভর্তুকি দেওয়ার জন্য গ্যাস-তেলের দাম বাড়ানো হচ্ছে—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং সরবরাহ না পেলেও গ্রাহকদের বিল পরিশোধের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি গৃহস্থালি গ্যাসের সমস্যা সমাধানে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।
জবাবে মন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে উচ্চমূল্যে গ্যাস আমদানি করতে হচ্ছে। তবে এসব কারণে এখনো প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়নি।
এ সময় তিনি বলেন, সংসদ সদস্য সম্ভবত এলপিজির দাম বাড়ার বিষয়টি উল্লেখ করেছেন। এলপিজি সরকার আমদানি করে না; বেসরকারি প্রতিষ্ঠানগুলো এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দরের ভিত্তিতে দাম ঠিক করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই।
মতামত