দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ব্যবধান রয়েছে। বর্তমানে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে গড়ে ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট। এ সংকট মোকাবিলায় দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানি এবং নতুন টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, এলএনজি আমদানি, অবকাঠামো উন্নয়ন এবং বিকল্প জ্বালানির উৎস তৈরি।
গ্যাস অনুসন্ধান ও কূপ খননের পরিকল্পনা
নতুন গ্যাসের সন্ধানে দেশের বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক সাইসমিক জরিপ চালানো হচ্ছে। বাপেক্স ব্লক ৭ ও ৯-এ ইতোমধ্যে ৪ হাজার ৫০০ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক জরিপের তথ্য সংগ্রহ সম্পন্ন করেছে।
মন্ত্রী বলেন, ২০৩০-৩১ সালের মধ্যে চারটি গভীর কূপসহ মোট ১৫০টি কূপ খনন ও সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৩২টির কাজ শেষ হয়েছে এবং সাতটির কাজ চলমান। বাকি ১১১টির কাজ পর্যায়ক্রমে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দৈনিক প্রায় ১ হাজার ৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে বলে আশা করছে সরকার।
সমুদ্রাঞ্চলে অনুসন্ধানে দরপত্র
সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অফশোর মডেল পিএসসি ২০২৬-এর আওতায় ২৬টি ব্লকে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র জমার শেষ সময় ২০২৭ সালের ৩১ মার্চ। পাশাপাশি স্থলভাগে অনুসন্ধানের জন্যও মডেল পিএসসির খসড়া তৈরি করা হয়েছে।
এলএনজি আমদানি ও নতুন টার্মিনাল
জ্বালানিমন্ত্রী জানান, পেট্রোবাংলার সঙ্গে সাতটি বিদেশি প্রতিষ্ঠানের মোট ১০টি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। এর মধ্যে সাতটি দীর্ঘমেয়াদি ও তিনটি স্বল্পমেয়াদি। এ ছাড়া ৩৪টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় স্পট মার্কেট থেকেও এলএনজি কেনা হচ্ছে।
তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় ৪৩টি এলএনজি কার্গোর সরবরাহে বাধা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার।
সরবরাহ সক্ষমতা বাড়াতে মহেশখালী ও মাতারবাড়ীতে দুটি নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের মধ্যে মহেশখালীতে দৈনিক ৬০০ মিলিয়ন ঘনফুট এবং ২০৩০ সালের মধ্যে মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট সক্ষমতার টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ দুটি টার্মিনাল চালু হলে দেশের মোট রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে। একই সঙ্গে এলএনজি সংরক্ষণের সক্ষমতা ৯ লাখ ৪৬ হাজার ঘনমিটারে পৌঁছানোর আশা করছে সরকার। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
এলএনজি আমদানির অর্থায়নে বিশ্বব্যাংকের আইডিএ গ্যারান্টি সহায়তায় তিনটি ব্যাংকের মাধ্যমে সাত বছর মেয়াদি ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন সুবিধাও নেওয়া হয়েছে।
ভোলার গ্যাস ব্যবহারের উদ্যোগ
ভোলায় অব্যবহৃত গ্যাস এলএনজিতে রূপান্তর করে দেশের মূল ভূখণ্ডের শিল্পকারখানায় সরবরাহ করা যায় কি না, তা যাচাই করছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে বলে জানান জ্বালানিমন্ত্রী।
মতামত