চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার শান্তিপাড়ার মৃত আব্দুল গাফফার মণ্ডলের ছেলে মো. রতন (৪০) এবং দোলোদিয়া দক্ষিণপাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে মো. মারুফ (২৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মো. রতনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে, মো. মারুফকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রতনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মারুফকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত