বিয়ের কয়েক বছর পার হওয়ার পরও সন্তান না হলে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসলামি শরিয়তের সুস্পষ্ট বিধান তুলে ধরেছেন বিশিষ্ট আলেম মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি জানিয়েছেন, কেবল সন্তান না হওয়ার অজুহাতে প্রথম স্ত্রীকে তালাক দেওয়া মোটেও উচিত নয়; কারণ সন্তান দান করা বা না করা সম্পূর্ণ মহান আল্লাহর ইচ্ছাধীন।
মুফতি সাইদুজ্জামান কাসেমি বলেন, স্বামী-স্ত্রী উভয়ে শারীরিকভাবে সুস্থ থাকার পরও যদি সন্তান না হয়, তবে এর জন্য কাউকে দোষারোপ বা দায়ী করার সুযোগ নেই। পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান, যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, আর যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। তাই চারিত্রিক বা অন্য কোনো গুরুতর ত্রুটি না থাকলে কেবল নিঃসন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিত বা অন্যান্য শারীরিক জটিলতা থাকতে পারে উল্লেখ করে তিনি হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দেন। পাশাপাশি আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন। সন্তান লাভের জন্য তিনি পবিত্র কোরআনের দুটি বিশেষ দোয়া নিয়মিত পাঠ করার কথা বলেছেন:
রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন।’ (অর্থ: হে আমার রব, আমাকে একা রেখো না। তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী।)
‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া।’ (অর্থ: হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।)
কেবল সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার বিষয়ে নিরুৎসাহিত করে মুফতি সাইদুজ্জামান বলেন, দ্বিতীয় বিয়ে করলেই যে সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। তবে শরিয়তসম্মত প্রকৃত প্রয়োজন দেখা দিলে এবং শরিয়তের সীমারেখা মেনে চলার পূর্ণ সক্ষমতা থাকলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন।
এ ক্ষেত্রে একাধিক স্ত্রীর মধ্যে সমতা ও ন্যায়বিচার বজায় রাখার বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।
মতামত