জয়পুরহাটের কালাইয়ে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ভাঙারি দোকানির কাছে কেজি দরে বিক্রি করার দেওয়ার অভিযোগ উঠেছে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের সরকারি বিনামূল্যের পাঠ্যবই স্থানীয় ভাঙারি ব্যবসায়ীর কাছে কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রি করা বইয়ের মধ্যে কৃষিশিক্ষা, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বাংলা ভাষার ব্যাকরণ, চারুপাঠ, ইংলিশ ফর টুডে ও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ের বিভিন্ন শ্রেনীর বই রয়েছে। এসব বই ২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা ভাঙারি দোকানে সরকারি পাঠ্যবই দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করলে দোকানের কর্মচারী বলেন, বিদ্যালয়ের এক শিক্ষক এসে বইগুলো বিক্রি করে গেছেন।
মোলামগাড়ি হাটের শাজাহানের "মুক্তা ভাঙারি দোকানের" কর্মচারী ইমরান জানান বিদ্যালয়ের এক শিক্ষক বইগুলো বিক্রি করার উদ্দেশ্যে দোকানে নিয়ে আসেন। ২০ টাকা কেজি দরে বইগুলো বিক্রি করে চলে যান। বইগুলোর গায়ে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষের উল্লেখ রয়েছে।
স্থানীয় বাসিন্দা রনি বলেন, জমির কাজ শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে এক পিয়নকে ভ্যানে করে বই নিয়ে ভাঙারি দোকানের দিকে যেতে দেখেন। সেখানে কেন যাচ্ছেন জানতে চাইলে তাঁরা বিদ্যালয় থেকে কিছু বই কেনার কথা জানান। পরে উপস্থিত লোকজনের সামনে বইগুলো দেখান।
উপজেলার আরেক বাসিন্দা শাহজাহান বলেন, সরকার নানা সংকটের মধ্যেও শিক্ষার্থীদের বিনামূল্যে বই সরবরাহ করছে। অথচ প্রধান শিক্ষক চাহিদার অতিরিক্ত বই সংগ্রহ করে সেগুলো বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সরকারি বই বিক্রির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো বোর্ড বই বিক্রি করি না। বই বিক্রির তথ্য আমার জানা নেই। কোনো বই বিক্রি করা হয়নি।
তবে প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার পর তাঁর সহকারী শিক্ষক এম এ করিম সাংবাদিকদের ফোন করে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানান। তিনি বলেন, বিদ্যালয়ের জন্য ব্যবহৃত গাবলা কেনার উদ্দেশ্যে বইগুলো বিক্রি করা হয়েছে। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি দেখা করবেন বলেও জানান।
এ বিষয়ে কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনসুর রহমান বলেন, বিদ্যালয়ের মালামাল বিক্রির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রির বিধান রয়েছে। ওই প্রধান শিক্ষক সরকারি বোর্ড বই বিক্রি করে থাকলে তদন্তসাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত