অনলাইন নিউজ পোর্টালগুলোর মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার বিষয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমের মান ঠিক রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও কনটেন্ট না হলে পাঠকদের আগ্রহ তৈরি হবে না, একই সঙ্গে ভিউও কমে যাবে। এ জন্য পোর্টালগুলোতে দক্ষ ও মানসম্মত সাংবাদিকদের যুক্ত করার পরামর্শ দেন তিনি।
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়ন ফি বাতিলের প্রস্তাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ হাজার টাকার এই ফি মূলত একটি প্রতীকী ফি। অতীতেও এ ব্যবস্থা চালু ছিল। এটি বড় কোনো অঙ্ক নয়। ফি বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার কোনো প্রস্তাবও দেওয়া হয়নি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের প্রস্তাবগুলো লিখিতভাবে দেওয়া হলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও বৈঠক করা হবে।
নীতিমালা প্রণয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট উপদেষ্টা ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সবার মতামত নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মতামত