পদোন্নতির অপেক্ষায় রয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩০ জন পদস্থ কর্মকর্তা। তাদের মধ্যে কারা পদোন্নতি পাচ্ছেন, আর কারা বাদ পড়ছেন—এ নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। বিষয়টি নিয়ে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠাও দেখা দিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, পদোন্নতির তালিকা থেকে বাদ পড়তে পারেন কয়েকজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা।
এদিকে বৃহস্পতিবার দুদক সচিবের নেতৃত্বে ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটির (ডিপিসি) সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় উপপরিচালক থেকে পরিচালক এবং পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতির বিষয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে ৩০ কর্মকর্তার পদোন্নতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে পরপর দু'টি সভায় দু'টি পদে পদোন্নতি চূড়ান্ত করা হবে। সভায় উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, আইন মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন দুদকের প্রশাসন শাখার মহাপরিচালক। জানা গেছে, দুদকে বর্তমানে ১৫টি পরিচালক পদ ও একটি মহাপরিচালক পদ শূন্য রয়েছে। তাদের মধ্যে কারা পদোন্নতি পাবেন কারা পাবেন না- এটি জানার জন্য সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পদোন্নতির মাধ্যমে শূন্যপদগুলো পূরণ করা হবে।
কমিটির সভায় উপপরিচালক (গ্রেড-৬) থেকে পরিচালক (গ্রেড-৫) পদে ও পরিচালক (গ্রেড-৫) থেকে মহাপরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি দেওয়া হবে।
দুদক সূত্রে জানা গেছে, ওই দু'টি পদে পদোন্নতির জন্য কমিশনের চাহিদা অনুযায়ী নির্ধারিত ৩০ জন কর্মকর্তার ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থা কমিশনের প্রতিবেদন দিয়েছে। কর্মকর্তাদের স্থায়ী ঠিকানা, শিক্ষার স্থল, দুদকে বিভিন্ন কর্মস্থলে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল কিনা- এই বিষয়সহ কারো সম্পর্কে নেতিবাচক তথ্য থাকলে সেগুলো উল্লেখ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এর মধ্যে কিছু কর্মকর্তা বিগতদিনে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছেন, আদালতে চার্জশিট দিয়েছেন। এ নিয়ে কমিশনের কতিপয় কর্মকর্তা তাদের ক্ষোভের শিকার হতে পারেন বলে মনে করছেন। এ নিয়ে পদোন্নতি বঞ্চিত হওয়ার উদ্বেগ-উৎকন্ঠাও রয়েছে তাদের মাঝে।
নাম প্রকাশে অনিচ্ছুক পদোন্নতি প্রত্যাশী একজন কর্মকর্তা সমকালকে বলেন, দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে যোগ্য, দক্ষ কর্মকর্তাদেরকে যথাস্থানে পদায়ন করা হবে- এটাই প্রত্যাশা।
ওই ৩০ কর্মকর্তাদের মধ্যে চারজন পরিচালককে মহাপরিচালক পদের জন্য বিবেচনা করা হচ্ছে। তারা হলেন- মোহাম্মদ মোরশেদ আলম, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. মঞ্জুর মোর্শেদ ও এস এম মফিদুল ইসলাম। পরিচালক পদের জন্য বাকি ২৬ জন উপ-পরিচালক হলেন, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মো, মনিরুজ্জামান, মো. মশিউর রহমান, মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান, আবু হেনা আশিকুর রহমান, মো. জাকারিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহমুদুর রহমান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত, মো. নুর-ই-আলম, মোছা. সেলিনা আক্তার মনি, দেবব্রত মন্ডল, ফারজানা ইয়াসমিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. নাজমুল হাসান, মো. গুলশান আনোয়ার প্রধান, মো. সালাহ উদ্দিন, মো. শাওন মিয়া, মোহাম্মদ ফয়সাল, সুমিত্রা সেন, এস এম রাশেদুর রেজা ও মো. ইকবাল হোসেন।
মতামত