জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার আদায়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। এ সম্মেলনে জলবায়ু মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদান, নতুন সবুজ কর্মসংস্থান তৈরি, ন্যায্য জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক বাজার বাড়ানোর দাবি তুলে ধরবে দেশটি।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের উপপ্রধান ড. সাইমুম পারভেজ এসব কথা জানিয়েছেন।
সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বিশ্বে কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা খুবই কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজন, কার্বন নিঃসরণ কমানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর দাবি জানাচ্ছে বাংলাদেশ। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর ন্যায্য অধিকার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হওয়া উচিত। কারণ, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়—এমন দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো ন্যায়সংগত নয়। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এসব দেশের সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে যাওয়ার পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।
তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কর্মসূচি নিয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব শিল্পের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের জলবায়ু অভিযোজন সক্ষমতা তুলে ধরে ড. সাইমুম পারভেজ বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য উদাহরণ হতে পারে।
বিশ্ববাজারে পাট ও পচনশীল পরিবেশবান্ধব পণ্যের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। জানান, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্য প্রদর্শন ও প্রচারের জন্য একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, জাতীয় কার্বন বাজারের নীতিগত কাঠামো এবং কার্বন নিবন্ধনব্যবস্থা প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, বরং জলবায়ু সহনশীল, উদ্ভাবনমুখী ও সম্ভাবনাময় দেশ হিসেবেও বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।
তিনি আশা প্রকাশ করেন, কপ৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও বাংলাদেশ প্রতিনিধিদলের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু অর্থায়নে ন্যায্য অধিকার, অনুদানভিত্তিক সহায়তা, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত স্বার্থ রক্ষায় বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
মতামত