ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ইছাপুরা গ্রামে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে তাঁর চাচা একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হন। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন।
খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থামলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, এনাম খাঁ ও আক্তার হোসেন পরস্পরের নিকটাত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এমন সহিংসতার পুনরাবৃত্তি রোধে প্রশাসন কে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
মতামত