চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তাঁর স্ত্রী আছিয়া আক্তার (৩০) ও দুই শিশুসন্তান। স্বামীর মৃত্যুতে পরিবারটির জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, ফরিদ হোসেন স্থানীয় এক ব্যক্তির বাগানে সুপারি পাড়তে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদ হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অন্যের জমিতে শ্রম বিক্রি করে অতি কষ্টে চলত তাঁর সংসার। স্বামীর আকস্মিক মৃত্যুতে স্ত্রী আছিয়া আক্তার এখন দুই সন্তানকে নিয়ে দিশেহারা।
কান্নাজড়িত কণ্ঠে আছিয়া আক্তার জানান, অনেক কষ্টে স্বামীর উপার্জনে তাঁদের সংসার চলত। এখন স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে কীভাবে জীবন চালাবেন, তা ভেবে কোনো কূলকিনারা পাচ্ছেন না তিনি। এমন কঠিন পরিস্থিতিতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্যাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত