সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২৮ অক্টোবর) কুষ্টিয়ায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।দুদকের এজাহার অনুযায়ী, আবদুর রউফের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে।এজাহারে বলা হয়েছে, অনুসন্ধানে আবদুর রউফ ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে মোট ২ কোটি ৬১ লাখ ৮০ হাজার ৬৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার ঋণের পরিমাণ ২৩ লাখ ৩১ হাজার ৭১২ টাকা। পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য খাতে তার ব্যয় হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৪৫৩ টাকা।অন্যদিকে, দুদকের হিসাবে আবদুর রউফের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৩৯ লাখ ৬৫ হাজার ৮২৮ টাকা। এ আয়ের সঙ্গে তার সম্পদ ও ব্যয়ের হিসাব মিলিয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এজাহারে বলা হয়, জান্নাতুন নাহারের নামে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ২৯২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য ব্যয়সহ তার মোট সম্পদের মূল্য দাঁড়ায় ১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ২৯২ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৫৪ লাখ ৬৫ হাজার টাকা। এজাহারে আরও অভিযোগ করা হয়, আবদুর রউফ সংসদ সদস্য থাকাকালে তার পদ-পদবি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ দিয়ে স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন। এ অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং আবদুর রউফের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। দুদকের এজাহার অনুযায়ী, ১৯৮৫ সাল থেকে ২০২৫ সালের ২৬ আগস্ট পর্যন্ত সময়ের সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য পর্যালোচনা করে এ অনুসন্ধান করা হয়। গত ১৩ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় মামলা দায়েরের অনুমোদন দেয়। তদন্তে আরও কোনো সম্পদ বা অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তা মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার খন্দকার নুরুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ উঠেছে। নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের বিশাল সাম্রাজ্য। কানাঘুষা রয়েছে, ঢাকার মিরপুরে সাবরেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালীন তার মাসিক অবৈধ কামাই ছিল ৭০ থেকে ৮০ লাখ টাকার মতো। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ প্রায় শতকোটি টাকা ছুঁয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এত বিপুল পরিমাণ বিত্তবৈভব তিনি কীভাবে কামালেন, তার সদুত্তর দিতে পারেননি। এদিকে বৈধ আয়ের সঙ্গে এই অঢেল সম্পত্তির হিসাব কিছুতেই মিলছে না। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক); সরকারি চাকরির বেতনে এত সম্পদের পাহাড় গড়া আসলেই সম্ভব কি না, তা এখন খতিয়ে দেখছে তারা। টাঙ্গাইলে বাড়ি, ফ্ল্যাট ও কোটি টাকার জমি: অনুসন্ধানে জানা যায়, টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় স্ত্রীর নামে বিপুল সম্পদ গড়েছেন নুরুল আমিন। সেখানে খাদ্যগুদাম-সংলগ্ন এলাকায় তার স্ত্রীর নামে পাঁচতলা দুই ইউনিটের একটি বাড়ি রয়েছে। ওই জমির আনুমানিক মূল্য দুই কোটি টাকা এবং ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া একই এলাকায় খাদ্যগুদামের সীমানাপ্রাচীর-সংলগ্ন ৫ শতাংশ জমি রয়েছে তার, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। টাঙ্গাইলের পুরোনো বাসস্ট্যান্ড-সংলগ্ন ‘প্যারাডাইস শাহজাহান সিরাজ নিবাস’ ভবনের নিচতলায় পশ্চিম পাশের একটি ফ্ল্যাট বর্তমানে ‘স্বপ্ন’ সুপারশপকে ভাড়া দেওয়া হয়েছে। ওই ভবনে তার আরও একটি ফ্ল্যাট রয়েছে; যার মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা। এছাড়া ভিক্টোরিয়া রোডের দত্ত টাওয়ারে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের একটি দোকান এবং বাসাইলের বিয়ালা গ্রামে নিজ বাড়িতে আনুমানিক ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন রয়েছে তার। পূর্বাচলে সাত কোটি টাকার প্লট, মিরপুরে দোকান: রাজধানীর পূর্বাচলে প্রায় সাত কোটি টাকা মূল্যের একটি প্লট রয়েছে বলে জানা গেছে। মিরপুর ১০ নম্বরে শাহ আলী মার্কেটেও দোকান ও অফিস থাকার তথ্য রয়েছে। বড় ভাই, বোন, ভাগনে, শাশুড়ি এবং শ্যালকদের নামেও জমি ও সম্পদ কিনেছেন নুরুল আমিন। অর্জিত এই সম্পদ সম্পর্কে জানতে চাইলে প্রথমে এর সত্যতা স্বীকার করেন। তবে পরে কয়েকটি সম্পদের বিষয়ে অস্বীকৃতি জানান। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নুরুল আমিনের সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা হতে পারে। অভিযোগ রয়েছে-ঢাকার মিরপুর এলাকায় সাবরেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালনের সময় নুরুল আমিন প্রতি মাসে ৭০ থেকে ৮০ লাখ টাকা অবৈধভাবে আয় করতেন। ওই সময় তার একটি সিন্ডিকেট ছিল। চাকরি জীবনে তার বিরুদ্ধে দুর্নীতি-সংক্রান্ত অভিযোগ ওঠা এবং শাস্তিমূলক বদলির তথ্যও পাওয়া গেছে। পরে তিনি টাঙ্গাইলের কালিহাতীতে সাবরেজিস্ট্রার হিসাবে কর্মজীবন শেষ করেন। আয়ের উৎসের ব্যাখ্যা দিতে পারেননি : নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করে তার সম্পদের বিষয়ে জানতে চায় যুগান্তর। তিনি জানান, ২০০৯ সালে সাবরেজিস্ট্রার পদে যোগ দেন এবং ২০২৪ সালে অবসরে যান। টাঙ্গাইলের বাড়ি ভাড়া দেওয়ার কথাও জানান তিনি। তবে এসব সম্পদ কবে কেনা হয়েছে, কীভাবে অর্থের সংস্থান হয়েছে এবং চাকরির আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য কতটুকু-জানতে চাইলে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি নুরুল আমিন। গাড়িতে লোকজন থাকার কথা জানিয়ে পরে ফোন করে বিস্তারিত বলবেন বলে জানান। পরে আর ফোন রিসিভ করেননি তিনি। এদিকে দুদকের একটি সূত্র জানিয়েছে, নুরুল আমিনের সম্পদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে শিগগিরই কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে। তার সম্পদের প্রকৃত পরিমাণ ও অর্থের উৎস নির্ধারণে জমির দলিল, ভবন নির্মাণের ব্যয়, ব্যাংক হিসাব, আয়কর রিটার্ন এবং চাকরি জীবনের আয়-ব্যয়ের তথ্য যাচাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১০০ কোটি টাকার মালিক অবসরপ্রাপ্ত সাবরেজিস্ট্রার নুরুল আমিনের বেরিয়ে এলো থলের বিড়াল

অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে উন্নয়ন প্রকল্পে কমিশন গ্রহণ এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের সুনির্দিষ্ট অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দুর্নীতির এই অভিযোগ প্রকাশ্যে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। রোববার বিকেল ৫টা ২০ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’ দুদকে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন আসিফ মাহমুদ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন গ্রহণ করেছেন। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডার বাণিজ্য এবং ঢাকা উত্তর সিটিতে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি এবং সারা দেশে ৩৬ জন ডিসি পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার খাতের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেতু নির্মাণ, ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের কথা বলা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন নিয়োগ, বদলি ও পদোন্নতিতে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। বিশেষ করে ঢাকা ওয়াসার এমডি হিসেবে আব্দুস সালামকে ১০ কোটি টাকায় নিয়োগ, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খানকে ৫২ কোটি টাকা এবং গাজীপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আব্দুল লতিফ খানকে ৬৫ কোটি টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় তহবিল অপচয় করে হেলিকপ্টার ভ্রমণ, ফাইভ স্টার হোটেলে যাতায়াত ও বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের ব্যাংকসহ বিভিন্ন দেশে পাচার করে ভিলা কেনা এবং ব্যবসায় বিনিয়োগ করার চাঞ্চল্যকর তথ্য রয়েছে। অভিযোগে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪৫৩ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ নেওয়া এবং তার বাবা বিল্লাল হোসেন ও এপিএস মোয়াজ্জেম হোসেনসহ ঘনিষ্টজনদের সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিষয়টিও যুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে প্রথমে যুব ও ক্রীড়া এবং পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ গত বছরের ১০ ডিসেম্বর পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং বর্তমানে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।    

অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে ১০ শতাংশ দিয়েন

আসিফ মাহমুদের আমলের নিয়োগ-পদোন্নতি খতিয়ে দেখছে দুদক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলির যাবতীয় তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই সাথে ৩৮ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান ও বাতিল এবং পদায়নসংক্রান্ত নথিও চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. জাহিদ কালামের সই করা এ-সংক্রান্ত চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া তথ্য ও রেকর্ডপত্র দুদকে পাঠাতে বলা হয়েছে। দুদকের একজন উর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। চিঠিতে বলা হয়, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি দল গঠন করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মন্ত্রণালয়ের কাছে পাঁচ ধরনের তথ্য ও নথি চেয়েছে দুদক। এর মধ্যে রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৭ মে ও ২০২৬ সালের ১৮ এপ্রিলের স্মারকের ভিত্তিতে বদলিসংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে। দুদকের চিঠিতে তিনটি স্মারকের ভিত্তিতে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান ও বাতিল এবং পদায়নসংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ের কয়েকজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ব্যক্তিগত নথির সত্যায়িত অনুলিপি চেয়েছে অনুসন্ধান দল। দুদকের চাওয়া নথির সঙ্গে সংশ্লিষ্ট বিধিবিধান ও সহায়ক রেকর্ডপত্রও পাঠাতে বলা হয়েছে মন্ত্রণালয়কে। এর আগে, গতকাল বুধবার আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। অভিযোগের মধ্যে রয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের পদোন্নতি-বদলির ক্ষেত্রে ঘুষ গ্রহণ এবং সিন্ডিকেটের মাধ্যমে দরপত্র ও কেনাকাটায় অনিয়ম। দুদকের ভাষ্য অনুযায়ী, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের জন্য ৭৬ লাখ টাকা, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫ লাখ টাকা এবং পদোন্নতির পর পছন্দমতো পদায়নের জন্য আরও প্রায় ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের বিশেষ দল কাজ করছে। তবে আসিফ মাহমুদ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুদকের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। গতকাল রাতে এক সংবাদ সম্মেলনে তিনি ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদের আমলের নিয়োগ-পদোন্নতি খতিয়ে দেখছে দুদক
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream