তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের তুরস্ক সফরের দ্বিতীয় দিনে বুধবার সম্মেলনস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন ব্রাজিল, মালদ্বীপ, ইরান ও সিরিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব।
এদিকে বুধবার রাতে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তার মতে, দেশের বিপুল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং নির্বাচনের মাধ্যমে পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক ম্যান্ডেট আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তারা।
হুমায়ুন কবিরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়। ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া লন্ডনের মেয়রের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।
মতামত