বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে সৌদি আরবে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটির আইন ও বিচারব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই শাস্তির তীব্র নিন্দা জানিয়ে একে নারীর প্রতি সহিংসতা বলে উল্লেখ করেছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাজাপ্রাপ্ত নারীর নাম এসথার ওয়াঞ্জা মুথোনি। তিনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মূলত গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার দায়িত্ব নিয়ে তিনি দেশটিতে যান। সেখানে এক মিসরীয় পুরুষের সঙ্গে অল্প সময়ের সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। তবে সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান বলে জানিয়েছেন মুথোনি।
গত মাসে তার বিরুদ্ধে ১০০ বেত্রাঘাতের সাজা ঘোষণা করা হয়। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উদ্বেগের কথা জানান তিনি। মুথোনি বলেন, এই শাস্তি সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি ভীষণ ভীত। তিনি বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’
সৌদি আরবের শরিয়াহভিত্তিক আইন অনুযায়ী, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ ধরনের ঘটনায় পুরুষদের তুলনায় নারীদেরই বেশি শাস্তির মুখে পড়তে হয়।
উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভার মতে, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও এসব ঘটনা সাধারণত প্রকাশ্যে আসে না। কারণ, বেশিরভাগ নারী বাড়িতেই সন্তান প্রসব করেন।
তবে হাসপাতালে সন্তান জন্ম দিলে অবিবাহিত নারীদের বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর নিয়ম রয়েছে। আর এ কারণেই মুথোনির ঘটনাটি প্রকাশ্যে এসেছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকিস্তের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি এ শাস্তিকে সহিংসতা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ওই নারীকে শাস্তি না দিয়ে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল।
তিনি বলেন, সৌদি আরবকে আধুনিক ও নারীর ক্ষমতায়নে অগ্রসর দেশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টার সঙ্গে এ ধরনের শাস্তির কোনো মিল নেই।
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে মানবাধিকার সংগঠন আলকিস্তের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, ওই সংস্কার মূলত ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। বিচারকের বিবেচনাধীন এসব অপরাধে বেত্রাঘাতের সাজা বাতিল করা হলেও ইসলামী আইনের নির্ধারিত শাস্তির আওতাভুক্ত কিছু অপরাধে তা বহাল থাকতে পারে। ব্যভিচার ও মদ্যপানের মতো অপরাধ এর অন্তর্ভুক্ত।
এদিকে সৌদি আরবে নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করতে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেমের দেশটি সফরের কথা থাকলেও গত সপ্তাহে তা স্থগিত করা হয়েছে। তিনি জানিয়েছেন, সফরের সময় নির্দিষ্ট কিছু ঘটনা নিয়ে আলোচনার পরিকল্পনা ছিল। সফর দ্রুত আয়োজন করা না হলে অন্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়গুলো উত্থাপন করবেন।
এ বিষয়ে সৌদি সরকারের কাছে বক্তব্য চাওয়া হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান
মতামত