রাজনৈতিকভাবে চাপে থাকা অবস্থায় দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির জন্য গোপনে হামলা ও নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগের একটি অংশ—এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা সূত্রের দাবি, এসব কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কিছু সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাদের একটি বড় অংশের পরিচয় শনাক্ত করে তালিকা তৈরি করেছে পুলিশের সাইবার ইউনিট ও গোয়েন্দা সংস্থাগুলো।
পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তৈরি করা তালিকায় কথিত গেরিলা সেলের সদস্য, পরিকল্পনাকারী, পলাতক নেতা, স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ও অর্থের জোগানদাতাদের নাম রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের অনেকে নজরদারিতে রয়েছেন। নাশকতার পরিকল্পনা ঠেকাতে পুলিশও কঠোর অবস্থানে রয়েছে।
সম্প্রতি রাজধানীর ফার্মগেট, টিএসসি, চানখাঁরপুল, মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্রের দাবি, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী জড়িত। তারা শ্রমিক বা সাধারণ মানুষের ছদ্মবেশে ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।
নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাদের জিজ্ঞাসাবাদে সংগঠনটির কথিত গোপন নেটওয়ার্ক ও পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।
পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নাশকতার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য থাকলেও কিছু ক্ষেত্রে মাঠপর্যায়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এমনকি পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আড়ালে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। তাদের শনাক্ত করতে আলাদা তালিকা তৈরি করে নজরদারি চালানো হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, কথিত গেরিলা সেলগুলোর সদস্যরা সাধারণত দুই থেকে তিনজনের ছোট দলে কাজ করছে। শ্রমিক, হকার কিংবা পথচারীর ছদ্মবেশে নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে সুযোগ বুঝে ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগের পর দ্রুত পালিয়ে যাচ্ছে। কেউ কেউ মোটরসাইকেলে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করছে বলেও জানা গেছে।
এসব কর্মকাণ্ডে দেশি-বিদেশি কিছু ব্যবসায়ী গোষ্ঠীর অর্থায়ন রয়েছে বলে দাবি গোয়েন্দা সূত্রের। দেশে ও বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত দলের কয়েকজন নেতার নির্দেশনা এবং আর্থিক সহায়তায় এসব তৎপরতা পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অর্থ লেনদেনের মাধ্যম, ব্যাংক হিসাব এবং হুন্ডি সংক্রান্ত তথ্যও আইনশৃঙ্খলা বাহিনী যাচাই করছে।
এ ছাড়া নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এনক্রিপ্টেড ও নিরাপদ চ্যাট অ্যাপ ব্যবহার করছে কথিত নাশকতাকারীরা। হামলার স্থান ও সময় নির্ধারণেও এসব মাধ্যম ব্যবহার করা হচ্ছে বলে গোয়েন্দাদের দাবি। সাইবার ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় কয়েকজনের ভার্চুয়াল পরিচয় শনাক্ত এবং গুরুত্বপূর্ণ বার্তা উদ্ধারের কথাও জানা গেছে।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্রের দাবি, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি অংশের নাশকতার পরিকল্পনা রয়েছে। এর প্রাথমিক পর্যায়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। চলতি মাসের প্রথমার্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ও পার্কিংয়ে থাকা যানবাহনে আগুন দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী সময়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, জনবহুল স্থানে বিস্ফোরণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা থাকতে পারে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন সরকারের উচ্চপর্যায়ে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের নাশকতা দেশের সরবরাহব্যবস্থা, উৎপাদন খাত এবং সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিরাপত্তা জোরদারে পুলিশের বিশেষ উদ্যোগ
সম্ভাব্য নাশকতা প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, গ্যাসলাইন ও বড় শিল্পকারখানায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
বাস টার্মিনাল, গাড়ির ডিপো এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন শহরের প্রবেশপথ ও কৌশলগত মোড়ে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। যানবাহনে অগ্নিসংযোগের ঝুঁকি কমাতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের রাতের বেলায় গাড়ি রাখার ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার পরিকল্পনাকে তিনটি পর্যায়ে ভাগ করার কথা বলা হয়েছে। প্রথম পর্যায়ের দল ইতিমধ্যে মাঠে সক্রিয় রয়েছে বলে দাবি সূত্রের। ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের দল আরও বড় ধরনের নাশকতার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর মাঠে নামতে পারে কথিত মাস্টার টিম। তাদের সঙ্গে দেশি-বিদেশি কয়েকটি চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করছে গোয়েন্দা সংস্থাগুলো।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্রের দাবি, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রে কৃত্রিম আতঙ্ক তৈরির যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে পুলিশ। নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
মতামত