প্রেম, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে নানা দিবস থাকলেও সিঙ্গেলদের জন্যও রয়েছে একটি বিশেষ দিন। আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। বিশ্বজুড়ে দিনটি সিঙ্গেল বা একা থাকা মানুষদের জন্য উদযাপন করা হয়।
চীনে প্রথম এই দিবসের প্রচলন শুরু হয়। ১১/১১ তারিখে চারটি এক (১) সংখ্যা রয়েছে। এই চারটি একক সংখ্যা সিঙ্গেল বা একা থাকার প্রতীক হিসেবে ধরা হয়। এ কারণেই ১১ নভেম্বরকে বেছে নেওয়া হয়েছে সিঙ্গেলস ডে হিসেবে।
অনেকেই মনে করেন, সিঙ্গেল থাকা মানেই একাকিত্ব বা মন খারাপ। তবে বিষয়টি আসলে তেমন নয়। একা থাকারও রয়েছে কিছু ইতিবাচক দিক। নিজের পছন্দমতো সময় কাটানো, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং নিজের ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার সুযোগ পাওয়া যায় এই সময়ে।
তাই সিঙ্গেলস ডে শুধু একা থাকার দিন নয়, বরং নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করারও একটি উপলক্ষ।
তবে সিঙ্গেলদের জীবনেও যে খুব একটা ঝামেলা নেই, তা কিন্তু নয়। আত্মীয়দের ‘বিয়ে কবে?’, বন্ধুদের ‘কাউকে পছন্দ হয়েছে?’ কিংবা কোনো অনুষ্ঠানে গেলেই সম্পর্ক নিয়ে প্রশ্ন এসবের মুখোমুখি হতে হয় অনেককেই। অর্থাৎ প্রেম না থাকলেও প্রশ্নের অভাব নেই!
অন্যদিকে, সম্পর্কে থাকলেই যে মানুষ সুখী, এমনটিও নয়। আবার সিঙ্গেল হলেই যে কেউ একাকী, সেটিও ঠিক নয়। সম্পর্কের অবস্থান যাই হোক, মানসিক শান্তি ও ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সিঙ্গেলস ডে তাই শুধু সিঙ্গেলদের জন্য একটি উদযাপনের দিন নয়, বরং মনে করিয়ে দেওয়ার উপলক্ষ নিজের সঙ্গে ভালো থাকাও জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
দিনশেষে, প্রেম থাকুক কিংবা না থাকুক, জীবন চলবে নিজের গতিতেই। আর সিঙ্গেলদের জন্য বিশেষ বার্তা একা আছি, ভালোই আছি; তবে আত্মীয়দের প্রশ্ন থেকে একটু দূরে থাকলেই ভালো!
মতামত