ক্রিকেট মাঠে যেমন জনপ্রিয় ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, তেমনি টেলিভিশনের পর্দাতেও সঞ্চালক হিসেবে বেশ পরিচিত তিনি। ‘দাদাগিরি’র মাধ্যমে সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন সৌরভ। এরপর তাকে দেখা যায় ‘বিগ বস বাংলা’র মঞ্চে।
এবার নতুন আরেকটি রিয়েলিটি শো নিয়ে হাজির হচ্ছেন তিনি। স্টার জলসার আসন্ন অনুষ্ঠান ‘খেলো বাংলা’ সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলী।
‘দাদাগিরি’তে প্রতিযোগীদের সঙ্গে মজার কথাবার্তা, নানা ধরনের প্রশ্ন এবং নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার নতুন অনুষ্ঠান ‘খেলো বাংলা’র সঞ্চালকের দায়িত্ব নিতে যাচ্ছেন ভারতের সাবেক এই ক্রিকেট অধিনায়ক।
কিছুদিন আগে অনুষ্ঠানটির প্রথম ঝলক প্রকাশ করেছিল স্টার জলসা। তবে সেখানে সঞ্চালকের পরিচয় প্রকাশ করা হয়নি। এবার প্রথম প্রমো প্রকাশের মাধ্যমে সেই রহস্যের অবসান ঘটেছে। প্রমোতে সৌরভের উপস্থিতির পাশাপাশি অনুষ্ঠানের ধরন সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।
প্রমোতে দেখা যায়, ছোটবেলা থেকেই নানা বিষয়ে প্রশ্ন করতে অভ্যস্ত এক মেয়েকে। কখনো বাবা-মা, কখনো স্বামী, আবার কখনো হাসপাতালের নার্স কেউই তার প্রশ্নের বাইরে নন। একসময় পরিবারের সদস্যদের বিরক্তির কারণ হয়ে ওঠে মেয়েটির এই স্বভাব। তবে শেষ পর্যন্ত সেই প্রশ্ন করার অভ্যাসই তাঁর জন্য বড় অঙ্কের অর্থ জয়ের সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানটির বিশেষত্ব হলো, এখানে প্রতিযোগীরাই প্রশ্ন করবেন এবং প্রতিযোগীরাই সেসব প্রশ্নের উত্তর দেবেন। এ আয়োজনে ২ কোটি ৫০ লাখ রুপির বেশি অর্থ জয়ের সুযোগ থাকছে।
বড় অঙ্কের পুরস্কারের পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনাও অনুষ্ঠানটির প্রতি দর্শকের আগ্রহ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
মতামত