বলিউড তারকা হৃতিক রোশনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে দেখা যেতে পারে। আনুষ্ঠানিকভাবে এমন কোনো খবর জানা যায়নি। তবুও অভিনেতাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে হলিউড পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে তাঁর সাম্প্রতিক সাক্ষাৎ সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের ফিল্ম গালায় উপস্থিত হয়েছিলেন হৃতিক। সেখানে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও ‘ডিউন’খ্যাত পরিচালক ডেনিস ভিলনভের সঙ্গে দেখা যায় তাঁকে। অনুষ্ঠানে কালো রঙের বিশেষভাবে তৈরি স্যুটে নজর কাড়েন এই বলিউড তারকা।
অনুষ্ঠানে হৃতিকের উপস্থিতি এবং ভিলনভের সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনুরাগীদের একাংশের মতে, হৃতিকের ব্যক্তিত্ব, স্টাইল ও অ্যাকশন দৃশ্যে সাবলীলতা তাঁকে জেমস বন্ডের চরিত্রের জন্য উপযুক্ত করে তুলতে পারে।
এই জল্পনার অন্যতম কারণ পরবর্তী জেমস বন্ড সিনেমার পরিচালকের দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলনভ। ফলে একই অনুষ্ঠানে হৃতিক ও এই নির্মাতার উপস্থিতিকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ হৃতিককে বন্ডের চরিত্রের জন্য অডিশন দেওয়ার দাবি জানিয়েছেন। আবার অনেকের মতে, ভিলনভের পরিচালনায় ০০৭-এর ভূমিকায় হৃতিককে দেখা গেলে তা হতে পারে দারুণ এক অভিজ্ঞতা।
মতামত