ভারত ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে অবহিত করেছে। পাশাপাশি আইনি পথেই বিষয়টি সুরাহা হবে বলে জানিয়েছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এএফপির এক প্রতিনিধি জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা-দিল্লির সর্বশেষ অবস্থান কী। জবাবে মুখপাত্র বলেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী বিষয়টির সুরাহা করা হবে।
শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করলেও ঢাকা তা প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে দ্য হিন্দুর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, একজন নাগরিকের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে সে দেশের হাইকমিশনের এখতিয়ারভুক্ত। তবে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তির প্রত্যর্পণ সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য করেন, যেকোনো ভ্রমণের জন্যই ভ্রমণনথি আবশ্যক, এটি সম্পূর্ণ একটি কারিগরি প্রক্রিয়া।
অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর বহুল আলোচিত ‘গঙ্গা পানি চুক্তি’-এর ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়া ও দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বৈঠক বা চুক্তি নবায়ন-সম্পর্কিত আলোচনার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ নিয়ে আপাতত কোনো তথ্য তাদের কাছে নেই।
মতামত