শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবেই সুরাহা করা হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবেই সুরাহা করা হবে: ভারত

ভারত ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণকে একটি ‘আইনি বিষয়’ হিসেবে অবহিত করেছে। পাশাপাশি আইনি পথেই বিষয়টি সুরাহা হবে বলে জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এএফপির এক প্রতিনিধি জানতে চান, ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা-দিল্লির সর্বশেষ অবস্থান কী। জবাবে মুখপাত্র বলেন, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ী বিষয়টির সুরাহা করা হবে। শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করলেও ঢাকা তা প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে দ্য হিন্দুর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, একজন নাগরিকের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে সে দেশের হাইকমিশনের এখতিয়ারভুক্ত। তবে পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তির প্রত্যর্পণ সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য করেন, যেকোনো ভ্রমণের জন্যই ভ্রমণনথি আবশ্যক, এটি সম্পূর্ণ একটি কারিগরি প্রক্রিয়া। অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর বহুল আলোচিত ‘গঙ্গা পানি চুক্তি’-এর ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়া ও দুই দেশের সরকারের উচ্চপর্যায়ের বৈঠক বা চুক্তি নবায়ন-সম্পর্কিত আলোচনার অগ্রগতির বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ নিয়ে আপাতত কোনো তথ্য তাদের কাছে নেই।

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে যা বলছে বিএনপি সরকার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় বিএনপি সরকারের একাধিক নেতা প্রতিক্রিয়া জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আবেদনটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।গত কয়েক মাস ধরে আগামী ডিসেম্বরে ভারত থেকে বাংলাদেশে ফেরার কথা বলে আসছেন শেখ হাসিনা। এর মধ্যেই সোমবার (৯ নভেম্বর) তাঁর পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করা হয়। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ইমেইলে এই আবেদন পাঠানো হয়েছে।দিল্লির বাংলাদেশ হাইকমিশনও ইমেইলে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। পরে আবেদনটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে ইমেইল পেয়েছেন তাঁরা। তবে আবেদনটি সঠিক কি না, তা এখনো নিশ্চিত নন। এ কারণে ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদনের খবর ছড়িয়ে পড়ার পর সরকারের মন্ত্রী, বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য করা আবেদনের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একটি ব্রিফিংয়ে এই আবেদনটিকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তবে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান সরকার শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, যে কারণে তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে চাইছে না। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এক সময় তারা বলতো শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। অথচ সরকার তাকে দেশে ফিরতে দিতে কোন সহযোগিতা করছে না। আবেদনের সত্যতা যাচাই করছে সরকার ২০২৪ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। কারণ জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর তার পাসপোর্ট বাতিল করা হয়। সোমবার লন্ডনের ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে এই আবেদন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা। পরে সেই আবেদনটির সত্যতা যাচাই করার জন্য সেটি বাংলাদেশে পাঠানো হয়েছে। এরপরই এটি নিয়ে সরকারের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া পাওয়া গেছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারাও সংবাদে এমন একটি তথ্য পেয়েছেন, তবে এর সত্যতা যাচাই করতে পারেনি সরকার। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং এর আইনগত ভিত্তি কী কিংবা আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না, সে সবের আইনগত দিক বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। হাইকমিশনে পাঠানো আবেদনের ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার আইনজীবীরা বলেছেন যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল। যে কারণে এখন নতুন করে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদন জানানো হচ্ছে। এমন একটি চিঠি পাওয়ার কথা জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বলেছেন, ‘এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র নেই’।    আরও পড়ুনআরও পড়ুনপাসপোর্ট, ট্রাভেল পাস ও প্রত্যর্পণ চুক্তির নিয়ম কী যদিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বলছেন, শেখ হাসিনার এই আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে। আত্মগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, পাসপোর্ট ও এনআইডির জন্য আইনিভাবেই ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা। কী করবে পররাষ্ট্র মন্ত্রণালয়? শেখ হাসিনার দণ্ড কার্যকর করতে তাকে ফেরত পাঠানোর জন্য দিল্লির প্রতি অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ভারত সরকারের তরফে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। এখন শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাসপোর্ট নয়, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে চায় ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না’। ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে’, যোগ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘যে ব্রিটিশ ল ফার্ম ওই চিঠি পাঠিয়েছে, তাদের উচিত শেখ হাসিনার মত মক্কেলের পক্ষে দাঁড়ানোর আগে তার কর্মকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া। ‘আমি আইনি ফার্মটিকে তাদের মক্কেল সম্পর্কে আগে জানতে বলব। তাদের মক্কেল একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন, বছরের বছর হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, অপহরণ করেছেন, বিচার বহির্ভূত হত্যা হয়েছে। তারপর তারা পালিয়ে যাওয়ার আগে দেড় হাজার, তারও বেশি মানুষকে হত্যা করেছে’। শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা। চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯শে নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছেন ৪৫৩টি। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও রয়েছে। পাল্টাপাল্টি বক্তব্য বিএনপি-আওয়ামী লীগের ২০২৪ সালের পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই বছরেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা। সোমবার আইনজীবীর মাধ্যমে পাসপোর্টের আবেদন নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন দল বিএনপিও। সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি দলীয় প্রোগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধর্ণা দিচ্ছেন। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ উল্লেখ করে রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। একজন মানুষের কোনো ধরনের নূন্যতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেনা’। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সোমবার সকালে একটি ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত ছিল, তা করেননি। তিনি ফিরে আসবেন না, এগুলো তার রাজনৈতিক স্ট্যান্টবাজি’। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বর্তমান সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভয় পাচ্ছে, যে কারণে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছে না। শেখ হাসিনাকে কেন দেশে ফিরতে দেওয়া হচ্ছে না- এই প্রশ্ন রেখে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, তারা বলছিল শেখ হাসিনা ফেরত আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন- সেই প্রশ্ন রাখেন তিনি। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মনে করেন, নাগরিক হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার অধিকার রয়েছে। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের নিজস্ব পরিচয়পত্র এবং পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? সংবিধান তো সরকারকে সেই অধিকার দেয়নি’।

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে যা বলছে বিএনপি সরকার

সামান্য লজ্জাবোধ থাকলে পাসপোর্ট চাইতেন না শেখ হাসিনা: রিজভী

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্র, শিশু, শ্রমিকসহ সাধারণ মানুষকে হত্যার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে সংবর্ধনা পাওয়ার আশা করেন? তাঁর মধ্যে সামান্য লজ্জাবোধ থাকলেও এমন কাজ করতেন না।সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। এ জন্য তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশি রাজনৈতিক নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। রিজভীর প্রশ্ন, এখন কেন শেখ হাসিনা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন? আদালত ও আইন নিজস্ব গতিতেই চলবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা হয়তো জুলাই গণঅভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে। তাঁর অভিযোগ, তৎকালীন ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ মানুষের মনে চিরজাগরূক থাকবে। ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এই দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে। স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ বিপন্ন পরিস্থিতির মধ্যে ছিল। বিরোধী দলের কণ্ঠরোধ এবং সরকারের সমালোচনাকারীদের নির্যাতনের উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

সামান্য লজ্জাবোধ থাকলে পাসপোর্ট চাইতেন না শেখ হাসিনা: রিজভী

শেখ হাসিনা এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন কি না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের জন্য আবেদন করার খবরের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও খবর পেয়েছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি।তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে। আবেদনটি আইন অনুযায়ী করা হয়েছে কি না এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তবে Prima facie case হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’ এদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। পুলিশ আইনানুগভাবে এসব ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।

শেখ হাসিনা এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন কি না, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সংশোধনের আবেদন করতে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সংস্থাটি। এ ব্যবস্থা চালু করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলোচনা করছে ইসি। ইসি সূত্র জানায়, বর্তমানে ফেস ভেরিফিকেশন বা মুখমণ্ডল শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে একজন নাগরিক এনআইডি সংশোধনের আবেদন করতে পারেন। তবে প্রযুক্তির অপব্যবহার করে প্রতারক চক্র ব্যক্তির উপস্থিতি ছাড়াই তার এনআইডি সংশোধনের আবেদন করছে। ইসির নতুন পরিকল্পনা অনুযায়ী, কোনো ব্যক্তির নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর না থাকলে তিনি এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন না। এ জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা করতে বিটিআরসির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইসি সূত্র আরও জানায়, বর্তমানে একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বোচ্চ আটটি এনআইডি সংশোধনের আবেদন করা যায়। নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আবেদন করার ব্যবস্থা চালু হলে যার এনআইডি, শুধু তার নামেই নিবন্ধিত নম্বর ব্যবহার করে সংশোধনের আবেদন করা যাবে। অর্থাৎ একটি নম্বর দিয়ে একজনেরই এনআইডি সংশোধনের আবেদন করা সম্ভব হবে। এ ছাড়া দেশের বাইরে থেকে এনআইডি সংশোধনসংক্রান্ত সেবা নিতে ইচ্ছুক নাগরিকদের জন্য আলাদা ব্যবস্থা করা যায় কি না, তা-ও ভাবছে ইসি। এ বিষয়ে ইসির এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিটিআরসির সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। আলোচনা শেষ হলেই এনআইডি সংশোধনের আবেদনে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহারের পদ্ধতি চালু করা হবে। এদিকে এনআইডি নিবন্ধন ও সংশোধন প্রক্রিয়া আরও গতিশীল করতে প্রয়োজনীয় কাগজপত্র স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে ইসি। এ জন্য বিটিআরসিসহ নয়টি প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান-প্রদানে এপিআই সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকও করেছে কমিশন। প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা এবং আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগ। বিডি-প্রতিদিন/এআইএস

এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে সংস্থাটি। তবে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তির পরও এখনো অপেক্ষমাণ রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন। অন্যদিকে, বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য বিশ্লেষণে দেখা যায়, এনআইডি সংশোধন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আবেদন নিষ্পত্তি, অযৌক্তিক আবেদন বাছাই এবং জালিয়াতি প্রতিরোধ-এই তিনটি বিষয়কে ঘিরে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। আবেদন নিষ্পত্তিতে সময়সীমা নির্ধারণ, মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি এবং ঊর্ধ্বতন পর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলোর নিষ্পত্তিও প্রায় শেষ পর্যায়ে। তবে প্রতি মাসে গড়ে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ায় কিছু আবেদন অপেক্ষমাণ থাকছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সংশোধনের অযোগ্য আবেদন এবং একই বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুনরায় আবেদন করার প্রবণতা। ‘ঘ’ ক্যাটাগরিতে অপেক্ষমাণ প্রায় ৭০ হাজার আবেদন ইসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৬৮ হাজার ২৬৯টি আবেদন। এছাড়া ২০২৫ সালের একই ক্যাটাগরিতে অপেক্ষমাণ আবেদন রয়েছে ৯৮৩টি। সব মিলিয়ে ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনের সংখ্যা ৬৯ হাজার ২৫২টি। অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ১০ হাজার ৬১৫টি, ফরিদপুরে ৫ হাজার ১৪০টি, খুলনায় ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহে ৮ হাজার ৩৩২টি এবং রংপুরে ৪ হাজার ৪৭৭টি আবেদন অপেক্ষমাণ রয়েছে। এছাড়া সিলেটে ৬ হাজার ৪৬৯টি, রাজশাহীতে ৬ হাজার ৮৭৫টি, বরিশালে ৪ হাজার ২২৬টি, চট্টগ্রামে ৬ হাজার ৬৮৮টি এবং কুমিল্লায় ১০ হাজার ৫৫৯টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই পরিসংখ্যান বলছে, অপেক্ষমাণ আবেদনের চাপ অঞ্চলভেদে ভিন্ন। ঢাকা ও কুমিল্লা অঞ্চলে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা তুলনামূলক বেশি। ফলে দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে অঞ্চলভিত্তিক তদারকি ও কার্যকর ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবেদন নিষ্পত্তিতে সময়সীমা, কমানো হয়েছে প্রশাসনিক ধাপ এনআইডি সংশোধন কার্যক্রমে গতি আনতে আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ইসি। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে নিষ্পত্তির সুযোগ বাড়ানো হয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট পরিচালকেরা নিয়মিতভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আবেদন নিষ্পত্তির মূল লক্ষ্য হচ্ছে নির্ভুলভাবে কাজ করা। এমনভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে পরবর্তী সময়ে সংশোধনের প্রয়োজন না পড়ে। তিনি বলেন, অতীতে অযৌক্তিক আবেদনগুলো সব ক্ষেত্রে যথাযথভাবে যাচাই করা হয়নি। এখন যুক্তিসংগত নয়—এমন আবেদন বাতিল করা হচ্ছে এবং প্রতিটি আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর বিশেষ কর্মসূচির মাধ্যমে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান তিনি। ইসি সচিবের ভাষ্য, সংশোধন আবেদনের মধ্যে এমন অনেক আবেদন রয়েছে, যেগুলোর ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন আর নেই। আবার বিদেশে অবস্থানরত ভোটারদের কিছু আবেদনেও স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে দেওয়া তথ্যের অসংগতি পাওয়া যায়। এসব বিষয় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জন্মতারিখ সংশোধনে নতুন নজরদারি এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষাসনদকে গুরুত্ব দিয়ে নতুন করে তদারকি জোরদার করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি এ বিষয়ে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছে ইসি। গত ১৩ আগস্ট জারি করা পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করতে পারবেন। তবে এক্ষেত্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ প্রযোজ্য নয়। নির্দেশনায় বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যাচাই করে প্রতিবেদন পাঠাতে হবে। গত ১৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন ২১ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে প্রতি মাসের প্রতিবেদন পরের মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে জন্মতারিখ সংশোধনে সিদ্ধান্তের যথার্থতা ও কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে চায় কমিশন। অযোগ্য আবেদন বাতিল, বয়সের অসংগতিতে কঠোর যাচাই এনআইডি সংশোধনের অপেক্ষমাণ আবেদন ও বাতিলের কারণ ব্যাখ্যা করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনেক আবেদন রয়েছে যেগুলো সংশোধনযোগ্য নয়। বয়স সংশোধনের ক্ষেত্রে কখনো দেখা যায়, বাবা ও সন্তানের বয়সের ব্যবধান মাত্র ১০ বছর। আবার কোনো কোনো ক্ষেত্রে সংশোধনের পর দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তির ভোটার হওয়ার সময় বয়স ১৮ বছরের কম ছিল। এ ধরনের অসংগতি থাকলে আবেদন বাতিল করা হয় বলে জানান তিনি। সাইফুল ইসলাম বলেন, কোনো আবেদন একটি ক্যাটাগরিতে বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি অন্য ক্যাটাগরিতে আবার আবেদন করেন। এতে একই ধরনের আবেদনের পুনরাবৃত্তি ঘটে এবং অপেক্ষমাণ আবেদনের সংখ্যা বেশি বলে মনে হতে পারে। তিনি আরও জানান, অপেক্ষমাণ আবেদনগুলো নিষ্পত্তির জন্য নিয়মিত বৈঠক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সেবার মানসিকতা ও দায়িত্ববোধের পাশাপাশি নিয়মিত তদারকিও নিষ্পত্তির অগ্রগতিতে ভূমিকা রেখেছে। জালিয়াতি রোধে কঠোর অবস্থান, আসছে প্রযুক্তিগত উদ্যোগ এনআইডি-সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হচ্ছে। কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তভদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, জালিয়াতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তবে শুধু অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে জালিয়াতির ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি প্রযুক্তিগত ব্যবস্থা চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। ইসি সচিবের আশা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করা গেলে এনআইডি-সংক্রান্ত জালিয়াতির ঘটনা আরও কমিয়ে আনা সম্ভব হবে। এদিকে, সাধারণ মানুষকে প্রতারক চক্রের প্রলোভনে পা না দিতে সতর্ক করছে এনআইডি বিভাগ। এ বিষয়ে হেল্পডেস্ক থেকেও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মো. সাইফুল ইসলাম। নির্ভুল নিবন্ধনই দীর্ঘমেয়াদি সমাধান প্রতি মাসে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ার বাস্তবতায় কেবল নিষ্পত্তির গতি বাড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নিবন্ধনের সময় তথ্য যাচাই জোরদার করা, আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা এবং সংশোধনের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করাই হবে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা মনে করেন, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তির সাফল্যের পর এখন নির্বাচন কমিশনের সামনে বড় পরীক্ষা-অবশিষ্ট আবেদন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ভবিষ্যতে সংশোধনের প্রয়োজন কমিয়ে নির্ভুল ও নির্ভরযোগ্য জাতীয় পরিচয় নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা।

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

এনআইডির জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি এখন মাঠ পর্যায়েই

নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারাই এখন থেকে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ সংশোধন আবেদন নিষ্পত্তি করতে পারবেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ক্ষমতা দেয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষা সনদের ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক/উপপরিচালক/পরিচালকরা নিষ্পত্তি করতে পারবেন। শিক্ষা সনদের পাশপাশি প্রয়োজনীয় অন্যান্য প্রমাণাদি/দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান এসওপি [২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নং ১৭,০০,০০০০. ০৬৪.২২.০৪৫.১৯ (অংশ-১)-৩০৫১] অনুসরণ করতে হবে। উল্লেখ্য, সংশোধনের আবেদন ইলেকট্রনিকালি অনুমোদন/বাতিলের ক্ষেত্রে সিএমএসে আবশ্যিকভাবে নোট দিতে হবে। আরো বলা হয়েছে, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের সম্পন্ন করা কার্যক্রম মনিটরিং করবেন। দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কিনা তা সংযুক্ত ছকে প্রতিবেদন প্রস্তুতপূর্বক পরিচালকের (অপারেশন্স) ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাবেন। এছাড়া, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্ম তারিখ সংশোধনের আবেদন এবং জন্ম তারিখসহ নিজ নাম ও মা-বাবার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হবে। ইসি বলছে, জন্ম তারিখ, নিজ নাম ও মা-বাবার নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার সংশোধন করা যাবে না। এ পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এনআইডির জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি এখন মাঠ পর্যায়েই
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream