বাবা ও ছেলের ভালোবাসা এবং আত্মিক সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ইসলামিক কাওয়ালি গান ‘সাকী’ (SAAQI)।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় MUSLAH-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই ব্যতিক্রমী গল্প ও সুন্দর নির্মাণশৈলীর কারণে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘সাকী’তে বাবার চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা গাজী রাকায়েত। গানটি পরিচালনা করেছেন নাজমুল ইভান ও হোসাইন এ. স্পর্শ। আর চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে প্রায় ২০০ শিল্পী, কলাকুশলী ও ক্রু সদস্যের অংশগ্রহণে গানটির শুটিং হয়। বড় আয়োজন ও ভিন্নধর্মী গল্পের কারণে শুটিংয়ের সময় থেকেই ‘সাকী’ নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে ভিডিওটি প্রকাশের পর গানটি ঘিরে দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে।
গানটির কথা লিখেছেন নুরুল কিবরিয়া সাকিব এবং সুর করেছেন মাসুম বিল্লাহ। মিউজিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সন্ধিপ কুমার দেব । গানটির মিক্সিং করেছেন আব্দুল ওয়াদুদ মইনুল ও জাকির হুসাইন । মাস্টারিং করেছেন ফিনল্যান্ডের স্ভান্তে ফোর্সব্যাক (Svante Forsback),সার্বিক ম্যানেজম্যান্টে ছিলেন মাহমুদুল হাসান।
পারিবারিক ভালোবাসা ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে নির্মিত ‘সাকী’তে সংগীতের পাশাপাশি গল্প ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে বাবা-ছেলের সম্পর্কের এক আবেগঘন উপলব্ধি।
জানতে চাইলে গায়ক মুসলাহ বলেন, সাকী মূলত একজন বাবা ও তার সন্তানের সম্পর্ক, ভালোবাসা, মায়া, ত্যাগ এবং আত্মিক বন্ধনের গল্প। শৈশবে একটি শিশু বাবার ছায়ার ভেতর দিয়ে হাঁটে। বাবা নিজের চলার গতি কমিয়ে দেন, যেন সন্তান কখনো তার ছায়ার বাইরে চলে না যায়। সময়ের সঙ্গে সেই সন্তান বড় হয়, জীবনের ব্যস্ততায় বাবার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু বাবা তাঁর সন্তানের জন্য ভালোবাসা ও দোয়া কখনো বন্ধ করেন না।
উল্লেখ্য এই গল্পে 'সাকী' কেবল একজন পানপাত্র পরিবেশনকারী নন; এটি এক আধ্যাত্মিক পথপ্রদর্শকের প্রতীক। যিনি ভালোবাসা ও আত্মিক জ্ঞানের মাধ্যমে মানুষকে আল্লাহ ও রাসুলের প্রতি মহব্বতের পথে পরিচালিত করেন।
মতামত