পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের সাবেক সিনিয়র সহ-সভাপতি তানজিদ হাসান জিসান জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তিনি ‘ক্লাইমেট কানেক্টস’-এর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন। জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি, নীতিগত অধিকার আদায় এবং জনগোষ্ঠীভিত্তিক উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিক নীতিনির্ধারণে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত স্থানীয় বাস্তবতা ও বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরতে তার এই অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি বৈশ্বিক জলবায়ু আলোচনায় তরুণদের সম্পৃক্ততা ও অভিজ্ঞতা বিনিময়ে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, তানজিদ হাসান জিসানের এই অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম (সিডিএসএফ-পবিপ্রবি)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তার এই অর্জন দেশের আরও অনেক তরুণকে পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে আন্তর্জাতিক এই সম্মেলনে তার অংশগ্রহণ দেশের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
এ ব্যাপারে অভিজ্ঞতা জানাতে গিয়ে তানজিদ জিসান বলেন, "প্রথমবারের মতো কপ- এ অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার প্রত্যাশা হলো, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য কার্যকর জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে অর্থবহ বাস্তব অগ্রগতি দেখতে। একই সঙ্গে জলবায়ু সহনশীল শহর গড়ে তোলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হওয়া জরুরি বলে মনে করি।"
তিনি আরও জানান, "বিশ্বের বিভিন্ন দেশের তরুণ, নীতিনির্ধারক, গবেষক ও জলবায়ু সংগঠনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সুযোগ তৈরি করতে চাই। কপ ৩১ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে তরুণদের জলবায়ু উদ্যোগ, জলবায়ু সহনশীল শহর গঠন এবং নীতিগত সংলাপকে আরও এগিয়ে নিতে কাজে লাগাতে চাই।"
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১) বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু নীতিনির্ধারণ নিয়ে আলোচনার অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এতে বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, নীতিনির্ধারক ও তরুণ জলবায়ুকর্মীরা অংশগ্রহণ করেন।
মতামত