লোকসংস্কৃতিকে জনপ্রিয় করার ক্ষেত্রে আধুনিক উপস্থাপনার প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ ক্লাবের ডিবেট উইং আয়োজিত প্রথম আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘ফ্যাক্টফাইন্ডার্স’ দল। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ‘দীপ্তমান’ দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় তারা।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের কনফারেন্স রুমে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘এই সংসদ লোকসংস্কৃতিকে জনপ্রিয় করার জন্য আধুনিকভাবে উপস্থাপন সমর্থন করে’ শীর্ষক বিষয়ে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার ফাইনালে সরকারি দল হিসেবে অংশ নেয় প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের দল ‘দীপ্তমান’। দলটির সদস্যরা হলেন আবু তাহের মেজবাহ, মারিয়া খাতুন ও নাঈম হাসান। অন্যদিকে বিরোধী দল হিসেবে অংশ নেয় ‘ফ্যাক্টফাইন্ডার্স’। দলটির সদস্যরা হলেন সাব্বির মন্ডল, নাঈম মাহমুদ ও আসিফ সরকার। ফাইনালে বিজয়ী হয়ে ‘ফ্যাক্টফাইন্ডার্স’ চ্যাম্পিয়ন এবং ‘দীপ্তমান’ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজক সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। বাছাইপর্বে তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়। তিন রাউন্ডেই জয়লাভ করে মোট ৭৯৫ পয়েন্ট অর্জনের মাধ্যমে সেমিফাইনালে জায়গা করে নেয় ‘ফ্যাক্টফাইন্ডার্স’। পরবর্তী সময়ে ফাইনাল রাউন্ডেও জয়লাভ করে দলটি শিরোপা নিশ্চিত করে।
এ সময় বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন বলেন, ‘আমাদের বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক অনুমোদিত ক্লাবের আটটি উইংয়ের মধ্যে ডিবেট উইং অন্যতম। অত্যন্ত সফলভাবে ডিবেট উইং চমৎকার ও জাঁকজমকপূর্ণ বিতর্কের আয়োজন করেছে। বিতর্ক কেবল যুক্তিতর্কের বিষয় নয়, এটি একটি শিল্প। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মতামত যুক্তি ও তথ্যের ভিত্তিতে সুন্দরভাবে উপস্থাপন করতে শেখে। শুধু পোশাক-পরিচ্ছদে স্মার্টনেস প্রকাশ পায় না; বরং কথা বলার ধরন, চিন্তাভাবনা ও যুক্তি উপস্থাপনের মধ্যেও স্মার্টনেসের পরিচয় পাওয়া যায়। বিতর্কচর্চা শিক্ষার্থীদের এসব দক্ষতা অর্জনের পাশাপাশি পাবলিক স্পিকিংয়ের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) সাবেক সভাপতি কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ, সাবেক সহসভাপতি অর্নব মিত্র, নুজহাত তাবাসসুম ও আরাফাত হোসাইন। এ ছাড়া সিইউডিএসের বর্তমান সহসভাপতি সানজিদা মেহেনাজ তাসনিম এবং বিতর্ক সম্পাদক সীমান্ত মজুমদার উৎস বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।
মতামত