নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল। গ্রেপ্তার দুজনই উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দা। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে আসছিলেন বলে জানিয়েছে ডিএনসি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভানুয়াই এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকরাম আলী বাড়ির মো. দুলালের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং একই ওয়ার্ডের শাহ আলমের নতুন বাড়ির মো. হারুনের ছেলে মো.জীবন (২২)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় ও এসআরবি-১১ যৌথ অভিযান চালায়। এ সময় ভানুয়াই এলাকায় সিলেট থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। একপর্যায়ে বাসের ভেতর থেকে ১৪ কেজি গাঁজাসহ আলমগীর ও জীবনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাটন মুঠোফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মতামত