ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর টোল ফাঁকি দিয়ে প্রতিদিন রাতের আঁধারে পার হচ্ছে শত শত মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। রাত ৯টার পর কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকা থেকে এসব ভারী যানবাহন সার্ভিস লেনে নেমে ধলেশ্বরী পুরোনো সেতু, বর্তমানে সার্ভিস লেনের সঙ্গে সংযুক্ত টোলমুক্ত সেতু ব্যবহার করে শ্রীনগর এক্সিট দিয়ে বের হচ্ছে। পরে এসব যানবাহন পদ্মা সেতু পার হয়ে গন্তব্যে যাচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ টোল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সার্ভিস লেনে ভারী যানবাহনের বেপরোয়া চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুতে যানবাহনের ধরন অনুযায়ী নির্ধারিত টোলের পরিমাণ হলো—ট্রেইলারের জন্য ১ হাজার ১৫ টাকা, হেভি ট্রাকের জন্য ৬৬০ টাকা এবং মিডিয়াম ট্রাকের জন্য ৩৩০ টাকা। কিন্তু রাত ৯টার পর বিপুলসংখ্যক মালবাহী যানবাহন মূল টোল প্লাজা এড়িয়ে সার্ভিস লেন ব্যবহার করে টোলমুক্ত সেতু দিয়ে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় এসব ভারী যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় সার্ভিস লেনের আশপাশের মানুষের স্বাভাবিক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এদিকে টোল ফাঁকি বন্ধে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ও শ্রীনগর এক্সিট পয়েন্টে টোল বুথ স্থাপন করা হলেও এখনো সেগুলো চালু করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে টোল আদায়ের সুযোগ থাকলেও কার্যক্রম শুরু না হওয়ায় প্রতিদিন আনুমানিক দেড় থেকে দুই লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগের এ সেতুতে টোল আদায়ের কার্যক্রম চালু না হওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কেরানীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. খলিলুর রহমান বলেন, “আব্দুল্লাহপুর ও শ্রীনগরে টোল প্লাজা স্থাপন করা হয়েছিল। কিন্তু ৫ আগস্ট ২০২৪-এর পর টোল আদায়ের মালামাল ভেঙ্গে ফেলায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এখন অর্ডার হয়েছ কোরিয়া থেকে মালামাল এলে মাস দুয়ের মধ্যেই টোল আদায় শুরু হবে। তখন টোল ফাঁকি দিয়ে কোনো পরিবহন সার্ভিস লেন ব্যবহার করতে পারবে না। ফলে সরকারের রাজস্ব ক্ষতি কমবে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও কমানো সম্ভব হবে।"
মতামত