আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে দেখে নেওয়ার তীব্র হুশিয়ারি দেন।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মামলার হাজিরা ও জামিন প্রক্রিয়া শেষে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় সংবাদকর্মীদের ভিড়ের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।
এ সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পরীমনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা।"
উত্তেজিত হয়ে তিনি প্রকাশ্যেই ওই সাংবাদিককে উদ্দেশ্য করে গালি দেন এবং বলেন, "সাংবাদিকরাও মেয়েদের গায়ে হাত দেয়, কত বড় সাহস!"
মূলত এই মামলার আগের কার্যদিবসে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওইদিন পরীমনির আইনজীবী অ্যালার্জিজনিত অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেওয়ার জন্য সময়ের আবেদন করেন। তবে বাদীপক্ষ আসামির জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন পরীমনি। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) গণমাধ্যমকে জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের এই মামলার আইনি লড়াইয়ের পাশাপাশি আদালত প্রাঙ্গণে ঘটা এই অনভিপ্রেত ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মতামত