চলচ্চিত্র নির্মাণের মাধ্যমকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিতে পারলেও গল্প বলা এবং অভিনয়শৈলীতে মানুষের ছোঁয়া সর্বদাই অপরিহার্য বলে মনে করেন বলিউড তারকা রণবীর কাপুর। সিনেমাজগতে এআই-এর ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে সম্প্রতি নিজের সুস্পষ্ট ভাবনা তুলে ধরেছেন এই অভিনেতা।
বিবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, প্রযুক্তির ব্যবহার নির্মাতাদের সৃজনশীল প্রক্রিয়াকে ক্ষুণ্ন না করেই ভিজ্যুয়াল ইফেক্টস কিংবা নতুন ক্যামেরা লেন্সের মতো কেবল একটি সহায়ক মাধ্যম হিসেবে কাজ করতে পারে। এই ধরনের প্রযুক্তি সিনেমার চূড়ান্ত রূপকে আরও উন্নত করতে সাহায্য করলেও মানুষের দক্ষতাকে পুরোপুরি হটিয়ে দিতে পারবে না।
রণবীর বলেন, শিল্প তখনই সবচেয়ে বেশি ব্যক্তিগত ও জীবন্ত হয়ে ওঠে যখন তাতে মানুষের স্পর্শ থাকে। আমার মতে এআই-কে ভিজ্যুয়াল ইফেক্টস বা ক্যামেরা লেন্সের মতোই চলচ্চিত্র নির্মাণের মান উন্নত করার একটি মাধ্যম বা হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমরা যে মাধ্যমের প্রতিনিধিত্ব করি—অর্থাৎ গল্প বলা, শিল্পকলা এবং পরিবেশন শিল্প বা অভিনয়ের যে জগৎ—আমি মনে করি না যে এআই কখনো সেটিকে প্রতিস্থাপন করতে পারবে।
‘রামায়ণ’ চলচ্চিত্রে রাবণ চরিত্রে অভিনয় করা কন্নড় তারকা যশও রণবীরের এই মতের সঙ্গে পুরোপুরি সহমত পোষণ করেছেন। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও চিন্তাভাবনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে যশ বলেন, আমাদের এই দায়িত্ববোধটুকু থাকতে হবে যে পুরো প্রক্রিয়ার কেন্দ্রে শেষ পর্যন্ত মানুষই জড়িয়ে রয়েছে। তাই কোন কোন ক্ষেত্রে আমরা এই প্রযুক্তি প্রয়োগ করছি, সে বিষয়ে খুব সতর্ক হওয়া উচিত। আমরা মানুষরা হচ্ছি বিজয়ী প্রাণী। প্রযুক্তি যা করতে পারে না, আমরা সব সময় এমন নতুন কোনো ভাবনা নিয়ে আসব কিংবা এমন কিছু তৈরি করব যা একটি যন্ত্রের জন্যও অনুকরণ করা কঠিন হবে।
বর্তমানে এই দুই তারকা বহুল আলোচিত পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নীতীশ তিওয়ারি পরিচালিত এবং নামিত মালহোত্রা প্রযোজিত দুটি পর্বে বিভক্ত এই সিনেমাটিতে রণবীর কাপুর অভিনয় করছেন প্রভু শ্রী রামের চরিত্রে। পাশাপাশি সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে দেখা যাবে যশকে।
ছবিটিতে রয়েছে এক বিশাল তারকার বহর। হনুমান চরিত্রে সানি দেওল, লক্ষণ চরিত্রে রবি দুবে, দশরথ চরিত্রে অরুণ গোভিল, কৌশল্যা চরিত্রে ইন্দিরা কৃষ্ণন, সুমিত্রা চরিত্রে সোনাল ঝা এবং কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রকুল প্রীত সিং, অনুপম খের, কুনাল কাপুর, বিবেক ওবেরয় এবং কাজল আগারওয়াল।
বিশাল বাজেট, গ্র্যান্ড ভিজ্যুয়াল ইফেক্টস এবং বিশ্বমানের অভিজ্ঞতার কারণে সিনেমাটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। প্রায় ৪,০০০ কোটি রুপি আনুমানিক বাজেটে নির্মিত এই ছবিটির আবহ সংগীত পরিচালনা করেছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান।
হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড়—এই পাঁচটি ভাষায় দুটি পর্বে নির্মিত এই মহাকাব্যের প্রথম পর্বটি চলতি বছরের ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ফ্রাঞ্চাইজিটির দ্বিতীয় পর্বটি আগামী ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
মতামত