সিনেমার কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। তবে এরই মধ্যে তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ উঠেছে। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার আর্থিক ক্ষতির অভিযোগ এনে রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে অভিনেতাকে।
গত ২৮ অক্টোবর প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এই নোটিশ পাঠান।
নোটিশে অভিযোগ করা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির শর্ত ভেঙেছেন শরিফুল রাজ। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক।
অভিযোগ অনুযায়ী, আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ। এ জন্য তিনি অগ্রিম টাকাও নিয়েছিলেন। চুক্তির শর্ত ছিল, ওই ঈদে রাজ অভিনীত অন্য কোনো সিনেমা মুক্তি পাবে না। কিন্তু পরবর্তী সময়ে তিনি ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় যুক্ত হন। এই সিনেমাটিও আগামী ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শাহরিন আক্তার সুমি প্রযোজিত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর তার প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ নামের আরেকটি সিনেমা। এ ছাড়া শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামের আরও একটি সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে তাঁর।
মতামত