বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাবে নিজের হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা। তবে এবারের জন্মদিনে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেননি তিনি।
প্রতিবছর জন্মদিনের প্রথম প্রহরে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় হাজির হয়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন শাহরুখ। দীর্ঘদিন ধরে এই রীতি চলে আসছে। কিন্তু এবার সাময়িকভাবে মান্নাত ছেড়ে অন্য জায়গায় অবস্থান করায় সেই চিরচেনা আয়োজনে দেখা যায়নি তাকে।
তবে প্রিয় তারকাকে একনজর দেখতে মধ্যরাতেই মান্নাতের সামনে জড়ো হন অসংখ্য ভক্ত। সরাসরি উপস্থিত না হলেও ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে ভোলেননি শাহরুখ। তাদের উদ্দেশে নিজের হাতে লেখা একটি ধন্যবাদবার্তা প্রকাশ করে কৃতজ্ঞতা জানান তিনি।
এদিকে শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে তার আইকনিক বাড়ি মান্নাত। বাড়িটির সামনে স্থাপন করা বিশাল বিলবোর্ডে প্রদর্শিত হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর বড় বড় পোস্টার ও বিভিন্ন দৃশ্য। সেখানে সিনেমাটির দুটি সংলাপও তুলে ধরা হয়েছে-‘কিং আকেলা কাফি হ্যায়(রাজা একাই যথেষ্ট)’ এবং ‘ডর নেহি, দেহশত হুঁ (আমি ভয় নই, আতঙ্ক)’ ।
বিলবোর্ডে ভক্তদের উদ্দেশে শাহরুখের হাতে লেখা বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের সবার জন্য রইল।’ বার্তার শেষে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।’ সঙ্গে ছিল তার স্বাক্ষর।
শুধু মান্নাতই নয়, জন্মদিনের আগে রবিবার মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকও শাহরুখের ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আলোকিত করা হয়।
এদিকে জন্মদিনের আগে গত মঙ্গলবার ‘কিং’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে ভক্তদের চমক দেন শাহরুখ। পোস্টারে দেখা যায়, হাতে বন্দুক নিয়ে প্রতিশোধপরায়ণ এক চরিত্রে আগুনে ঘেরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন অভিনেতা। পোস্টারটি প্রকাশ করে শাহরুখ লিখেছিলেন, ‘আজ ফির ইয়াদ আয়া... কাতিল নেহি… আশিক হুঁ ( আজ আবার মনে পড়ল... আমি খুনি নই, প্রেমিক)।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
‘পাঠান’ সিনেমার পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর ‘ডানকি’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। ফলে তিন বছরের বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন বলিউডের এই সুপারস্টার।
‘কিং’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।
মতামত