ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও জাতিগত সহিংসতার ঘটনা ঘটেছে। নতুন করে ছড়িয়ে পড়া এ সহিংসতায় পৃথক দুটি ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) পুলিশের দেওয়া বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশের প্রথম বিবৃতিতে বলা হয়, শনিবার নোনে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কুকি সম্প্রদায়ের তিনজন পুরুষ নিহত হন।
অন্যদিকে, দ্বিতীয় বিবৃতিতে পুলিশ জানায়, চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হওয়া একই সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় কাংপোকপি জেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, একটি শীর্ষ কুকি উপজাতীয় সংগঠন এসব হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে দায়ী করেছে। ঘটনাটিকে নিজেদের জন্মভূমিতে কোনো ধরনের উসকানি ছাড়াই চালানো সরাসরি হামলা বলে উল্লেখ করেছে সংগঠনটি।
কুকি সশস্ত্র গোষ্ঠী এবং ভারত সরকারের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্য রাজধানী ইম্ফল ও অন্যান্য এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে গণবিক্ষোভের মধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
সুদূর উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে জাতিগত মাতৃভূমির স্বাধিকার দাবিকে কেন্দ্র করে প্রধানত খ্রিস্টান কুকি এবং নাগা উপজাতিদের মধ্যে বিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজন পুরুষ এক নাগা ব্যক্তিকে নির্যাতন করার পর নতুন করে এই সংঘর্ষ শুরু হয়।
পরবর্তীতে মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে তিন কুকি যাজক নিহত হওয়ার জেরে উভয় পক্ষ থেকেই প্রতিশোধমূলক অপহরণ ও হত্যাকাণ্ডের সূচনা হয়।
এই নতুন কুকি-নাগা সংঘাত মণিপুরের উত্তেজনা আরও বৃদ্ধি করেছে, যেখানে কুকিরা ২০২৩ সালের মে মাস থেকে প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের সঙ্গেও অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে রক্তাক্ত সংঘাতের মুখোমুখি হচ্ছে। তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটানো এই সংঘাতের কারণে বাস্তুচ্যুত ৬০ হাজারেরও বেশি মানুষ এখনও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন।
সূত্র: রয়টার্স
মতামত