ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় হাজিরা না দেওয়ায় জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, এদিন মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করলেও পরীর পক্ষের আইনজীবী আদালতের কাছে সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় পরীমনি আদালতে উপস্থিত হতে পারেননি। তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে বাদীপক্ষের আবেদন মঞ্জুর করেন এবং পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
এর আগে ২০২৪ সালে মামলার তদন্ত সংস্থা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই বছরের ২৫ জুন তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।
মতামত