হরমুজ প্রণালি আবার চালু হওয়ার অনেকটাই যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে প্রণালিটি খোলার বিষয়ে ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া বক্তব্যে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নিজস্ব কিছু শর্ত ও নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। তিনি বলেন, ইরানের কাছে হরমুজ কেবল অর্থনৈতিক নৌপথ নয়; এটি দেশটির ভৌগোলিক ও কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও জানান, এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
আইআরজিসির এই মুখপাত্র স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যখনই আমাদের শর্তগুলো মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।
এর মাধ্যমে তেহরান বার্তা দিল যে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপর নির্ভর করছে। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে এই সংকট মিটে যাবে, এমন ধারণাও নাকচ করে দিয়েছে আইআরজিসি।
মতামত