পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। চোটের কারণে এই সিরিজের দলে রাখা হয়নি পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। সম্প্রতি ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন কুশল মেন্ডিস। তিন ম্যাচে ১৯৮ রান করার পাশাপাশি দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন ১২১ রানের দুর্দান্ত ইনিংস। এমন পারফরম্যান্সের পরই তাকে পাকিস্তান সিরিজের অধিনায়ক করা হয়েছে।
ব্যাটিং বিভাগে কুশলের সঙ্গে রয়েছেন কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, লাহিরু উদারা, সাহান আচার্য্যে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা ও চামিন্দু বিক্রমাসিংহে।
স্পিন আক্রমণে থাকছেন দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা ও বিজয়াকান্ত ভিয়াসকান্ত। পেস বিভাগে আছেন দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা ও এহশান মালিঙ্গা। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন আসিথা ফার্নান্দো। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ সাত উইকেট নিয়েছিলেন তিনি।
চোটের কারণে নিশাঙ্কা ও হাসারাঙ্গা টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না। তবে ফিটনেস পরীক্ষায় পাস করলে পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে তাদের ফেরার সুযোগ রয়েছে।
৯ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফরে থাকবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডকে নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। এরপর পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টে অংশ নেবে শ্রীলঙ্কা। টেস্ট দুটি ২০২৫-২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
মতামত