সুস্থ শরীর ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণ ও দেশপ্রেম তৈরি হয়। দায়িত্বশীল ও সচেতন প্রজন্ম গড়ে তুলতেও খেলাধুলার বিকল্প নেই।
শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণদের ক্রীড়াক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাদের খেলাধুলায় আরও বেশি যুক্ত করতে প্রয়োজনীয় উৎসাহ ও সুযোগ তৈরি করতে হবে। ক্রীড়াচর্চা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, একই সঙ্গে দায়িত্ববোধ ও অন্যের প্রতি সম্মান দেখানোর মানসিকতাও তৈরি করে।
তিনি আরও বলেন, তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে ব্যস্ত রাখতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিধিও বাড়ানো প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা নতুন খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিভা বিকাশে সহায়তা করবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে চিফ হুইপ প্রতিযোগিতায় অংশ নেওয়া সব খেলোয়াড়ের সাফল্য কামনা করেন। পাশাপাশি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত