‘গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতার সময়ও ওই ‘গুপ্ত দলটি’ দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ১৯৮৬ সালেও তারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বিভিন্ন সময়ে দলটি দেশের মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে ব্যবহার করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। তবে বিএনপি সর্বশক্তি দিয়ে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ নিশ্চিত করবে।
তিনি বলেন, বিএনপি মানুষের জন্য এবং দেশের কল্যাণে রাজনীতি করে। খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো বিভিন্ন উদ্যোগও মানুষের কল্যাণের লক্ষ্যেই নেওয়া হয়েছে।
মুহুরী-কহুয়া প্রকল্প প্রসঙ্গে তারেক রহমান বলেন, খাল ও নদী খননের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এ এলাকার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবে। এর ফলে ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হবে এবং অতিরিক্ত ১ লাখ মেট্রিক টন ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে।
মতামত