বিরোধী দল জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্যের কর্মকাণ্ড নিয়ে কথা বলার আগে নিজেদের ঘরের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত। বিশেষ করে নিজেদের দলের মধ্যে নারীদের সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সেটি আগে সামাল দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, একটি ‘গুপ্ত রাজনৈতিক দলের’ নেতারা বিএনপিকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, অন্যকে নসিহত করার আগে নিজেদের ঘরের দিকে তাকাতে হবে। নিজেদের লোকজনের কর্মকাণ্ডের বিষয়ে আগে ব্যবস্থা নেওয়ার পর অন্যদের বিষয়ে কথা বলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের কাজের হিসাব জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। বিশেষ করে নারীদের জন্য এবং সাধারণ মানুষের উন্নয়নে অতীতে কী ধরনের কাজ করা হয়েছে, সেটিও জনগণকে জানাতে হবে।
তিনি বলেন, গত কয়েক বছরে ভোটের অধিকার ও মানুষের অধিকার নিয়ে কথা বলায় বিএনপির অনেক নেতাকর্মী নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির শিকার হয়েছেন। এখন দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে।
তারেক রহমানের অভিযোগ, কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাধাগ্রস্ত হলে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। পাশাপাশি রাজনৈতিকভাবে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং নদী-খাল পুনঃখননের মতো উদ্যোগের উদ্দেশ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং জনগণের কল্যাণে কাজ করতে চায়।
সমাবেশে সভাপতিত্ব করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। এতে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল চৌধুরী মিন্টু, স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
মতামত