৪৯তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দলীয়করণ করতেই প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সংসদের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাকসুর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এই প্রতিবাদ জানান। এ সময় তারা সরকারের বিভিন্ন সিন্ধান্তের সমালোচনা করেন।
এসময় রাকসুর প্রতিনিধিরা বলেন, কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীদের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, এটি দলীয়করণের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। বাদ পড়া শিক্ষার্থীদের দ্রুত চাকরিতে নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ দিতে হবে। শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।
তিনি বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে।
ভিপি জাহিদ বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।
রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, সরকারকে বলতে চাই, ক্ষমতায় এসে জনগণের ওপর স্বেচ্ছাচারিতা চালানোর চেষ্টা করবেন না। জনগণই ক্ষমতার মালিক; প্রয়োজনে তারাই আপনাদের ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিতে পারে।
তিনি বলেন, ভাইভায় নম্বর কমানো, ভেরিফিকেশনের নামে প্রাথমিক বিদ্যালয় থেকে বিসিএস পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সংকীর্ণতা তৈরি এবং ভিন্নমতকে উপেক্ষার যে চেষ্টা চলছে, তা স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।
বিজয় ২৪ হলের হল সংসদের সহ-সভাপতি (ভিপি) রাসেল মিয়া বলেন, আমরা বর্তমান সরকারকে ফ্যাসিবাদী কায়দায় হাঁটতে দেখতেছি। তারা বার বার বিভিন্ন ক্ষেত্রে আমলাতন্ত্রকে দলীয় করণ করার অপচেষ্টা করতেছে। আপনাদের বলতে চায়, লন্ডন কিন্তু অনেক দূরে। এখন থেকেই সঠিক পথে আগান।
তিনি বলেন, কোনো কারণ ছাড়া চাকরি প্রত্যাশীদের যে ভেরিফিকেশন ও বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেওয়া হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। আপনারা মেধার মূল্যায়ন করুন অন্যথায় পূর্ব সরকারের মতো পরিণত হবে আপনাদেরও। মানববন্ধনে রাকসু ও হল সংসদের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতামত