দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭২ জন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩২৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৬ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ২০৯ জন, রংপুর বিভাগে ১০১ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ৮১ হাজার ৫৯৮ জন।
মতামত