সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে একই দিন দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন বিএনপির এই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর ২০২৬ তারিখে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩, অর্থাৎ ৩২৩ নম্বর আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই দিন থেকেই শূন্য হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
এর আগে বিএনপির সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর তার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এদিকে, ফেরদৌসী আহমেদ মিষ্টির আগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগের কথা সামনে এসেছে। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগ ঘিরে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়।
মতামত