কিশোরগঞ্জের ভৈরবে নকল ও অননুমোদিত মশার কয়েল উৎপাদন এবং বাজারজাতকরণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই অভিযানে আরও একটি প্রতিষ্ঠানের কারখানা সিলগালা করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভৈরব উপজেলার তাতারকান্দি, লক্ষীপুর এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
অভিযানকালে এলাকার তিনটি মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান কিসমত কেমিক্যাল ওয়ার্কস, শাহীন ক্যামিক্যাল ওয়ার্ক্স এবং হাজী ক্যামিক্যাল ওয়ার্ক্সের কারখানা পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর পণ্যের মান নিয়ন্ত্রণসংক্রান্ত সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স যাচাই করেন বিএসটিআই কর্মকর্তারা।
পরিদর্শন ও লাইসেন্স যাচাইয়ে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো একটি প্রতিষ্ঠানের নামে সিএম লাইসেন্স গ্রহণ করে একাধিক ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করছে। এ ছাড়া বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের অনুরূপ মশার কয়েল তৈরি এবং বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার বিষয়টিও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত কিসমত কেমিক্যাল ওয়ার্কসকে ১ লাখ টাকা এবং শাহীন ক্যামিক্যাল ওয়ার্ক্সকে ২ লাখ টাকা জরিমানা করেন। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অন্যদিকে, অনিয়মের দায়ে হাজী ক্যামিক্যাল ওয়ার্ক্সের কারখানা সিলগালা করা হয়।
অভিযানে বিএসটিআই নরসিংদী কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ শফিকুল আলম এবং সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় সহযোগিতা করেন। বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) এইচ এম তানজীল ও পরিদর্শক (মেট্রোলজি) মাসুদ রানা।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল, নকল, অননুমোদিত ও নিম্নমানের পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বৈধ সিএম লাইসেন্সের আওতায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি নির্ধারিত মান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
মতামত