মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে। অর্থের প্রলোভনে চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে সীমান্তে গিয়ে প্রাণ হারাচ্ছেন তরুণ ও যুবকরা। গত প্রায় চার বছরে কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া চোরাচালান সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একটি চক্রের হাতে খুন হয়েছেন আরও এক যুবক।
উপজেলার কর্মধা,পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম ভারতীয় সীমান্তসংলগ্ন। এসব এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল ও বনাঞ্চলকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে চোরাচালান চালিয়ে আসছে বিভিন্ন চক্র। স্থানীয় সূত্রে জানা গেছে,ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারিদের যোগসাজশে ফেনসিডিল,গাঁজা,ইয়াবা,গরু,সিগারেটসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে। এসব কর্মকাণ্ডে অর্থের প্রলোভন দেখিয়ে স্থানীয় তরুণদের ব্যবহার করা হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে,২০২৩ সালের ২ অক্টোবর শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে মারা যায় কিশোর ফেরদৌস আহমদ (১৪)। ২০২৪ সালের ১৭ মার্চ পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় পারভেজ হোসেন সাদ্দাম (১৫)। একই বছরের ১ সেপ্টেম্বর লালারচক সীমান্তে ভারতে থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় গুলিতে প্রাণ হারায় স্বর্ণা রাণী দাস (১৬)।
২০২৫ সালের ৩১ মে শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন প্রদীপ বৈদ্য (২২)। একই বছরের ৪ ডিসেম্বর কর্মধা সীমান্তে কৃষিজমিতে কাজ করার সময় গুলিতে প্রাণ হারান সুকিরাম উড়াং (২৫)। ২০২৬ সালের ১২ জুন দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিবুর রহমান মুজিব (৩০)। সর্বশেষ ৮ আগস্ট পৃথিমপাশা সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় গুলিতে নিহত হন তারা মিয়া (১৯)।
অন্যদিকে,২০২৫ সালের ১ মার্চ শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে চোরাচালান সংক্রান্ত বিরোধের জেরে জাবেল মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রহমত আলী ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।
বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা ও বনাঞ্চলকে কাজে লাগিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে চোরাচালানি পণ্য জব্দ এবং জড়িতদের আটক করছে। তবে জামিনে মুক্ত হয়ে অনেকে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে চোরাচালান চক্রের মূল হোতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
রবিবার (২২ নভেম্বর) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন,সীমান্তে চোরাচালান দীর্ঘদিনের সমস্যা। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের আটক করছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অপরাধ কমাতে সবাইকে সচেতন হতে হবে।
৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন,সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমালের সুরক্ষা বিজিবির অন্যতম অগ্রাধিকার। অর্থের প্রলোভনে পড়ে তরুণরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে জীবনের ঝুঁকি নিচ্ছে। এসব প্রাণহানি রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি,বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন,সীমান্তে হত্যা বা নির্যাতনের ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে প্রশাসন,পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ বিষয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন,সীমান্তে মানুষ হত্যা সম্পূর্ণ অমানবিক ও দুঃখজনক। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সীমান্তে শান্তি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে,গুলি করে মানুষ হত্যা করে নয়।
তিনি বলেন,ইতোমধ্যে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং কবর জিয়ারত করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের চেষ্টা করেছেন। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন।
কুলাউড়া সীমান্তে একের পর এক প্রাণহানি,চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। সীমান্তে তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।
মতামত