নওগাঁর পত্নীতলায় বৈরী আবহাওয়ার কারণে আমন ধান কাটা ও মাড়াই কার্যক্রম ব্যাহত হওয়ায় খালি হাতে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা কৃষি শ্রমিকেরা। গত তিন দিন ধরে চলা বৃষ্টি এবং রোববার (২২ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে মুষলধারে বর্ষণের ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
কৃষক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিন ধরে ধান কাটার পর কৃষকের উঠোনে বা খলিয়ানে তা তোলার আগেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। আকাশ পরিষ্কার হওয়ার কোনো লক্ষণ না থাকায় এবং বৃষ্টি থামলেও কেটে রাখা ধান শুকাতে ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে কাজ বন্ধ থাকায় অনেক শ্রমিকই হতাশা নিয়ে নিজ নিজ গৃহে ফিরতে শুরু করেছেন।
ধান কাটার প্রতিটি দলে একজন করে প্রধান বা সর্দার থাকেন, যাঁরা কাজ চলাকালীন শ্রমিকদের থাকা-খাওয়া, চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ বহন করেন। কানসাট ও সোনামসজিদ এলাকা থেকে আসা একটি দলের সর্দার মো. আনারুল জানান, কেটে রাখা ধান শুকানো পর্যন্ত শ্রমিকদের বসিয়ে রেখে খাওয়ালে বড় ধরনের লোকসানে পড়তে হবে। তাই বাধ্য হয়ে তাঁরা ফিরে যাচ্ছেন; তবে আবহাওয়া অনুকূলে এলে আবারও ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের মোবারকপুর, রসকানাই, নাগরগোলা, কাশিপুর ও অনাথপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে। খালি হাতে ফিরে যাওয়ার সময় আক্ষেপ প্রকাশ করে শফিকুল, কালু, নূর ইসলাম ও জব্বারসহ কয়েকজন শ্রমিক বলেন, “সবই কপাল। ছোট মেয়ের জন্যও কিছু নিতে পারলাম না।”
কাজের মৌসুমে হাসিমুখে প্রিয়জনদের কাছে ফেরার কথা থাকলেও আবহাওয়ার বৈরিতায় শ্যালো ইঞ্জিনচালিত যান (ভটভটি) ও অন্যান্য বাহনে করে মলিন ও বিষণ্ন মুখে বাড়ি ফিরছেন অনেক শ্রমিক।
মতামত