তিনদিন বন্ধ থাকার পর আবারও সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে পাঁচটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
জাহাজগুলোতে করে মোট ১ হাজার ৮৭০ জন পর্যটক দ্বীপটিতে যান। পরে সেন্টমার্টিনে আটকে থাকা তিন শতাধিক পর্যটককে নিয়ে জাহাজগুলো আবার কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে এই রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে আটকা পড়েন।
তবে শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে প্রায় ১ হাজার ৩০০ পর্যটক ফিরে আসেন। এরপর রোববার থেকে আবারও স্বাভাবিকভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে ছেড়ে যাওয়া পাঁচটি জাহাজে এক হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিনে গেছেন।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চালুর নির্দেশনা দেওয়া হয়।
মতামত