কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। তবে অভিযানের সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রেখেছিল। এমন তথ্য পাওয়ার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান।
অভিযানের খবর পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখান থেকে নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তবে পালিয়ে যাওয়ায় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই উখিয়ার ১৮ ও ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
মতামত