জয়পুরহাটের ক্ষেতলালে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গত কাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার ইটাখলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের শরীর ও মোটরসাইকেলের বিভিন্ন স্থানে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ৫০০ পিস ইয়াবার ওজন ৫০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত কালো রঙের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, দুটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ক্ষেতলাল উপজেলার বাড়ইল নলপুকুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে মো. আলামিন মণ্ডল (২১), মাটিহাস গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে মো. ইজমুল ইসলাম রিপন (২০) এবং আক্কেলপুর উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মো. রাশেদ হোসেন (২০)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষেতলাল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬,৷
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটাখলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁদের শরীর ও মোটরসাইকেলের বিভিন্ন স্থান থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে যথাযথ পুলিশি পাহারায় জয়পুরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মতামত