দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে শুরু হয়েছে উৎসবমুখর প্রচার-প্রচারণা। কেন্দ্রীয় ও ভ্যালি কমিটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা শ্রমিকদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তবে নির্বাচনী প্রচারণায় শ্রমিকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া, ন্যায্য মজুরি, ভূমির অধিকার, চিকিৎসা ও শিক্ষার উন্নয়নের প্রতিশ্রুতির চেয়ে প্রার্থীদের রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগই বেশি আলোচনায় আসছে। কে আওয়ামী লীগের অনুসারী, আর কে বিএনপির ঘনিষ্ঠ, তা নিয়ে চলছে পরস্পরকে আক্রমণ ও রাজনৈতিক তকমা দেওয়ার প্রতিযোগিতা। এতে সাধারণ চা শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।
শ্রমিকদের অভিযোগ,নির্বাচনের সময় নেতারা ভোট চাইতে বাগানে এলেও তাদের মৌলিক অধিকার আদায়ের বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরছেন না। দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে প্রার্থীদের কাছ থেকে কার্যকর উদ্যোগ ও লিখিত প্রতিশ্রুতি চান তারা।
মৌলভীবাজারের কালিঘাট চা বাগানের শ্রমিক অরুণ তাঁতি বলেন,‘আমাদের বাগানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা এসেছেন। সবাই এসে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাদের প্রচারণায় একে অপরকে গালাগাল ও রাজনৈতিকভাবে আক্রমণ করতেই বেশি দেখা যাচ্ছে। অথচ আমাদের অধিকার নিয়ে কেউ কোনো কথা বলছেন না। বিষয়টি দেখে আমি অবাক হয়েছি। এর কারণ কী? আমরা কি শ্রমিক নই? আমাদের অধিকার নিয়ে কথা বলার কেউ কি নেই?’
কালিটি চা বাগানের শ্রমিক নেতা দিলিপ কুমার দাস বলেন,‘নির্বাচন এলে নেতারা ভোট চাইতে আসেন,কিন্তু আমাদের অধিকার নিয়ে কথা বলেন না। কে কোন দলের,কে কার লোক,তা নিয়েই তাদের ব্যস্ততা। আমরা রাজনৈতিক পরিচয় নয়, আমাদের অধিকার ও ন্যায্য মজুরির নিশ্চয়তা চাই।’
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ রাজনৈতিক পরিচয় নিয়ে প্রার্থীদের মধ্যে চলমান বিতর্কের সমালোচনা করেছেন। তিনি বলেন,‘এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন, আবার কেউ বিএনপির ট্যাগ লাগাচ্ছেন। কিন্তু আমরা কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়,শ্রমিকদের পক্ষে কথা বলতে চাই। আমরা চাই, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হোক এবং সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যারা নির্বাচনকে ঘিরে এ ধরনের রাজনৈতিক ট্যাগিং ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন,তা মোটেও কাম্য নয়।’
নিজের প্রার্থিতার কারণ ব্যাখ্যা করে পঙ্কজ কন্দ বলেন,‘আমি আগে সহ-সভাপতি ছিলাম। তখন কোনো ধরনের উদ্যোগ নিতে পারতাম না। তাই নিজেই সভাপতি পদে নির্বাচন করছি,যেন চা শ্রমিকদের উন্নয়নে সরাসরি সিদ্ধান্ত নিতে পারি।’
অন্যদিকে সভাপতি পদপ্রার্থী রাজু গোয়ালা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন,‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্বে ছিলেন। কিন্তু তার আট বছরের সময়ে উল্লেখ করার মতো কী কাজ হয়েছে,তা শ্রমিকদের সামনে তুলে ধরা প্রয়োজন। অন্যদিকে,আমি সিলেট ভ্যালির সভাপতি থাকাকালে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এলাকার চা শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। তিনি কখনো শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেননি। বরং কয়েকজন নেতার অনুসারী হিসেবেই থেকেছেন এবং মালিকপক্ষের সঙ্গে থেকেছেন।’
রাজু গোয়ালা আরও বলেন,‘মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের ওপর তারা দলবদ্ধভাবে হামলা ও মারধর করেছেন। শ্রমিকেরা মজুরি নিয়ে আন্দোলন করতেই পারেন। তাই বলে তাদের ওপর হামলা করার কোনো যৌক্তিকতা নেই। ২০২২ সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে আমি সর্বোচ্চ ভূমিকা রেখেছি। অথচ সেই সময়ে তারা আড়ালে ছিলেন।’
রাজনৈতিক পরিচয় নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন,‘এখন কেউ কেউ বিএনপির সমর্থক পরিচয় দিচ্ছেন। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং ভোট চেয়েছেন। রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরকে কটাক্ষ করার কোনো মানে নেই। শেষ পর্যন্ত যোগ্যতা ও কাজের মূল্যায়নই হওয়া উচিত। এসব বিষয় শ্রমিকেরা দেখছেন, জানেন। আমি সভাপতি নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে পারব বলে বিশ্বাস করি।’
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও নেতৃত্বের জবাবদিহির বিষয়টি সামনে এনেছেন চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস।
তিনি বলেন,‘আমরা দেখছি,আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ভ্যালি কমিটিতে নির্বাচিত হওয়ার জন্য যারা প্রার্থী হয়েছেন, তাদের অনেকেই অতীতে চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অথচ তাদের দায়িত্ব পালনকালে গত আট বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।’
তিনি আরও বলেন,‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তাদের অনেকেই সেই সরকারের বিভিন্ন পদ-পদবিতে ছিলেন। আবার সরকার পরিবর্তনের পর বিএনপি ক্ষমতায় আসার পরও তাদের অনেককে নতুন সরকারের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,চা শ্রমিকদের স্বার্থ রক্ষা,মজুরি বৃদ্ধি,ভূমির অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো মৌলিক দাবিগুলো আদায়ে তাদের কার্যকর ভূমিকা খুব একটা দেখা যায়নি। বরং শ্রমিকদের স্বার্থের চেয়ে সরকার ও মালিকপক্ষের সহানুভূতি পাওয়ার প্রতিই তাদের বেশি আগ্রহ দেখা গেছে।’
সঞ্জয় দাসের মতে,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। এটি চা শ্রমিকদের নিজস্ব সংগঠন। তাই সরকার ও দলীয় প্রভাবমুক্ত থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষাই হওয়া উচিত সংগঠনটির প্রধান দায়িত্ব।
তিনি বলেন,‘অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে চা শ্রমিক ইউনিয়ন ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য করা কঠিন হয়ে পড়েছিল। এর ফলে ইউনিয়নের নিজস্ব স্বকীয়তা, সাংগঠনিক শক্তি ও স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তাই এবারের নির্বাচনে সাধারণ চা শ্রমিকদের প্রতি আমাদের আহ্বান,যারা চা শ্রমিক ইউনিয়নকে নিষ্ক্রিয় করে দিতে চান কিংবা সরকারদলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চান,তাদের ব্যাপারে শ্রমিকদের সচেতন থাকতে হবে। এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে,যারা যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থে সরকার ও মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষি করতে পারবেন এবং শ্রমিকদের ন্যায্য দাবিগুলো আদায়ে দৃঢ় ভূমিকা রাখতে পারবেন।’
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক রজন বিশ্বাসও প্রার্থীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন,‘চা শ্রমিক প্রার্থীদের প্রায় সবাই আগের কমিটিতে ছিলেন। তারা শ্রমিকদের স্বার্থের চেয়ে মালিকপক্ষের স্বার্থকেই বেশি গুরুত্ব দেন। এ কারণে শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে তাদের জোরালো বক্তব্য বা কার্যকর ভূমিকা খুব একটা দেখা যায়নি। বরং রাজনৈতিক ইস্যুতে তারা বেশি সক্রিয় থাকেন।’
তিনি আরও বলেন, ‘যে সরকার যখন ক্ষমতায় থাকে,তখন অনেক নেতা নিজেদের সেই ক্ষমতাসীন দলের অনুসারী হিসেবে পরিচয় দেন। এমনকি নেতাদের নির্বাচনী প্রচারণায় থাকেন। কিন্তু শ্রমিকদের অধিকার আদায়ে তাদের ভূমিকা কতটা কার্যকর,তা নিয়ে প্রশ্ন থাকে সবসময়।’
এবারের নির্বাচনে সাধারণ শ্রমিকদের অন্যতম দাবি হচ্ছে,প্রার্থীরা যেন শুধু মুখের কথায় প্রতিশ্রুতি না দিয়ে লিখিত নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। কারণ অতীতে নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচিত হওয়ার পর সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ শ্রমিকদের।
শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত মনে করেন,লিখিত ইশতেহার থাকলে নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জবাবদিহির আওতায় আনা সহজ হয়। তাঁর মতে,ভবিষ্যতে এই জবাবদিহি এড়ানোর আশঙ্কা থেকেই অনেক প্রার্থী বা প্যানেল লিখিত ইশতেহার প্রকাশে অনীহা দেখাতে পারেন।
শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবারের নির্বাচনে যেসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে,সেগুলোর মধ্যে রয়েছে:
১) ভূমির অধিকার: বংশপরম্পরায় চা বাগানে বসবাস করা শ্রমিক পরিবারের বসতভিটার স্থায়ী ভূমির অধিকার নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে বসবাস করলেও ভূমির মালিকানা বা স্থায়ী অধিকার না থাকায় শ্রমিক পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
২) চিকিৎসা ও স্বাস্থ্যসেবা: চা বাগানের হাসপাতালগুলোতে এমবিবিএস চিকিৎসক,প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নিয়োগ,প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। পাশাপাশি ভ্যালি পর্যায়ে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি রয়েছে।
৩) ন্যায্য মজুরি ও শ্রম আইন সংস্কার: চা শ্রমিকদের স্বার্থবিরোধী শ্রম আইনের ধারা বাতিল,সিলেটে শ্রম আদালত স্থাপন, কোম্পানির লভ্যাংশে শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা এবং শ্রমিকদের সঙ্গে সম্পাদিত সব চুক্তি বাংলায় করার দাবি জানানো হচ্ছে।
৪) শিক্ষা ও সংস্কৃতির উন্নয়ন: চা বাগানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন,শিশুদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ,খেলার মাঠ ও ক্রীড়াসামগ্রী নিশ্চিত করা এবং চা শ্রমিকদের নিজস্ব ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবি রয়েছে।
নির্বাচনের প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও প্রতিদ্বন্দ্বী কোনো প্যানেল এখনো তাদের লিখিত নির্বাচনী ইশতেহার প্রকাশ করেনি। সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ ও রাজু গোয়ালা দুজনই জানিয়েছেন,তাঁরা দ্রুত ইশতেহার প্রকাশের চেষ্টা ও পরিকল্পনা করছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ইশতেহার প্রকাশ করা হয়নি।
দীর্ঘ আট বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা শ্রমিকদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ ও নেতৃত্ব নির্বাচনের বিষয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। তবে এবারের নির্বাচনে শ্রমিকদের প্রত্যাশা শুধু নতুন নেতৃত্ব নির্বাচন নয়,বরং এমন একটি কার্যকর ও স্বাধীন নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যারা মজুরি,ভূমি, চিকিৎসা,শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার আদায়ে দৃশ্যমান ভূমিকা রাখবে।
সব মিলিয়ে,রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের বাইরে গিয়ে প্রার্থীরা শ্রমিকদের সামনে নিজেদের পরিকল্পনা ও অতীত কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে পারেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন। শেষ পর্যন্ত ভোটের মাঠে রাজনৈতিক পরিচয় নয়,বরং যোগ্যতা,সততা,অতীতের ভূমিকা এবং শ্রমিকদের অধিকার আদায়ে বাস্তব অঙ্গীকারই নেতৃত্ব নির্বাচনের প্রধান বিবেচ্য হবে,এমনটাই প্রত্যাশা সাধারণ চা শ্রমিকদের।
মতামত