বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অর্থ সহায়তা এবং অপরাধ সংঘটনে নিজস্ব লোকজন নিয়োগের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার আবেদন করেন।
পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আর্থিক সহায়তা দিয়েছিলেন নুরুল ইসলাম নাহিদ। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংঘটনে নিজের কর্মীবাহিনী নিয়োগ করেছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ মামলার ঘটনা এবং পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদরাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এজাহারে বলা হয়, একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ধাওয়া করেন এবং মারধর ও গুলি চালান। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
মতামত