দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, আ'গুন, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনার পর দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেবিচক এ নির্দেশনা দেয় বলে সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে নিরাপত্তা তল্লাশি বাড়াতে হবে। পাশাপাশি বিমানবন্দরের আশপাশে নজরদারি ও নিয়মিত টহল জোরদার করতে হবে। বিমানবন্দরে প্রবেশ করা সব ধরনের যানবাহনও তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের এক কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। এ ছাড়া বিমানবন্দর থানার পুলিশকেও আশপাশের এলাকায় টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু দিনের বেলায় নয়; যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা কার্যক্রমে কোনো শিথিলতা রাখা যাবে না।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় নজরদারি, তল্লাশি ও টহল বাড়িয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
মতামত